কাঁচাবাজারের তেজি ভাব কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার আগে রাজধানীর কাঁচাবাজারগুলোতে যে তেজি ভাব ছিল, তা কমতে শুরু করেছে। বাজারে সবজির সরবরাহ বেড়েছে। ঈদ শেষে অনেকেই এখনো ঢাকায় না ফেরায় চাহিদা অপেক্ষাকৃত কম। তাই সবজি বিক্রিও হচ্ছে কম দামে। তবে মাছ ও মুরগির দাম বেশি।আড়তদারেরা বলছেন, চাহিদার তুলনায় ঢাকার বাজারে এখন সবজির সরবরাহ প্রায় দ্বিগুণ। গত কয়েক দিন বৃষ্টি না হওয়ায় সবজির উৎপাদন ভালো। যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সবজি আসছেও ঠিকমতো। তাই পাইকারি বাজারে সবজির দাম কমেছে। খুচরা বাজারেও এখন আর আকাশছোঁয়া দাম হাঁকছেন না বিক্রেতারা।ঈদে টানা কয়েক দিন যাঁরা মাংস খেয়েছেন, স্বাদে ভিন্নতা আনতে তাঁদের অনেকেই গতকাল রোববার ভিড় করেছিলেন মাছের বাজারে। কিন্তু মাছের বাজার ছিল ঈদের আগের মতোই চড়া।গতকাল রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙা, পটোল ও করলা ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০, বেগুন মানভেদে ২৫ থেকে ৫০, মুলা ৪০, কচুরলতি ৪০, শসা ২৫ থেকে ৩৫, পেঁপে ১২ থেকে ২০, কচুরমুখী ৩০ থেকে ৩৫, ঝিঙে ও ধুন্দুল ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।টমেটোর দাম এখনো বেশি। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। বাজারে উঠেছে নতুন শিম। প্রতি কেজি ১১০ থেকে ১৪০ টাকা। অভাবনীয়ভাবে কমেছে কাঁচা মরিচের দাম। ঈদের দুই দিন আগেও যে মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কুষ্টিয়া থেকে মরিচ আনা একজন ব্যাপারি বলেন, বৃষ্টির কারণে মরিচের খেত নষ্ট হওয়ায় রমজানে ভারত থেকে আসা কাঁচা মরিচ দিয়ে ক্রেতাদের চাহিদা মেটাতে হয়েছে। সে কারণে তখন দাম ছিল বেশি। তবে এখন আবার উৎপাদন ভালো হওয়ায় দাম কমে এসেছে।তবে, নগরের বিভিন্ন বাজারভেদে সবজির দামে দেখা গেছে ব্যাপক পার্থক্য। অন্য সময় কারওয়ান বাজারের চেয়ে কেজিপ্রতি ১০ টাকা বেশি দামে সবজি বিক্রি হতো হাতিরপুল, পলাশী, নিউমার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও নারিন্দা বাজারে। কিন্তু গতকাল কোনো কোনো সবজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা গেছে।মাছের বাজার চড়া: ঈদ শেষে অনেক মানুষ এখনো ঢাকায় না আসায় মাছের চাহিদা কিছুটা কম। সরবরাহ কম বলা যায় না। এই প্রেক্ষাপটে সবজির দাম যেখানে কমছে, ঠিক উল্টোটা ঘটছে মাছের বাজারে। মাছের চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। তাঁরা বলছেন, সরবরাহ না বাড়ায় মাছের দাম এখনো বেশি। কিন্তু বাজারে মাছ দেখা গেছে প্রচুর।বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের একজোড়া ইলিশ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, চাষের পাঙাশ ১১০ থেকে ১৩০ টাকা কেজি, কই ১৬০ থেকে ২২০, সরপুঁটি ১৭০ থেকে ২২০, তেলাপিয়া ১১০ থেকে ১৫০, কাতলা ও বড় রুই ৪০০, ছোট রুই ২২০ থেকে ২৬০, কাঁচকি ৩০০, টাকি ১৫০ থেকে ১৮০, মৃগেল ২৪০, আইড় ৫০০, মাগুর ৫৫০ থেকে ৬০০, শিং আকারভেদে ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।মুরগির দামও বেশি: রমজানের শেষ দিকে মুরগির দামের যে ঊর্ধ্বগতি চলছিল, তা এখনো কাটেনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। পাকিস্তানি কক মুরগিও বিক্রি হচ্ছে একই দামে। মাঝারি আকারের দেশি মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এ ছাড়া বিভিন্ন ধরনের মুরগির ডিমের হালি পাওয়া যাচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়।রমজানে গরু ও খাসির মাংস বিক্রির জন্য দাম বেঁধে দিয়েছিল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। সে কারণে রমজান মাসজুড়েই ২৭০ টাকা অর্থাৎ নির্ধারিত দামেই বিক্রি হয়েছে গরুর মাংস। তবে রমজান যেতে না-যেতেই বেড়ে গেছে গরুর মাংসের দাম। বিভিন্ন বাজারে এই মাংস বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত।