কাঁঠালবাগানে ধসে পড়া ভবন ভাঙার কাজ শুরু করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগানে ফ্রি স্কুল স্ট্রিটে ধসে পড়া সাততলা ভবনটি ভাঙার কাজ গতকাল বুধবারও শুরু করা যায়নি। তবে ৩০ জন শ্রমিক নিয়ে এলাকায় গিয়েছিলেন রাজউকের কর্মকর্তারা। ছিল বুলডোজার, কাটার মেশিন, র‌্যাংগস ভবন ভাঙার সময় ব্যবহার করা বেশকিছু যন্ত্রপাতি। কিন্তু ছয় ফুট সরু গলিতে বুলডোজারসহ বেশির ভাগ যন্ত্রপাতি নেওয়া যায়নি। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে ভাঙার কাজ শুরু করতে দেরি হচ্ছে। সব যন্ত্রপাতি স্থাপনের পর কাজ শুরু হবে। গত রোববার রাতে কাঁঠালবাগান ঢালে পুকুরপাড় এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনটি হেলে পড়ে। এশিয়ান হায়দার টাওয়ার নামের ওই ভবনের নিচতলা পিলার ভেঙে প্রচণ্ড শব্দে দেবে যায়। রাত দুইটার দিকে ভবনটি ধীরে ধীরে সামনের আরেকটি ১৬ তলা ভবনের ওপর কাত হয়ে পড়ে।রাজউক সূত্র জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে রাজউককে জানানো হয়েছে, বুলডোজার ব্যবহারসহ রাজউক প্রচলিত নিয়ম অনুসারে যেভাবে বাড়ি ভাঙে, সেটা এখানে হতে পারে না। কারণ, এভাবে ভবন ভাঙলে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া শ্রমিকদের জানালা বা সিঁড়িপথে ভেতরে পাঠিয়ে ভাঙার কাজ শুরু করলে র‌্যাংগস ভবনের মতো দুর্ঘটনা ঘটতে পারে। ২০০৮ সালে র‌্যাংগস ভবন ভাঙার সময় একটি তলার ছাদ ধসে ২৫ জন শ্রমিক মারা যান।কাঁঠালবাগান এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনটি ভাঙার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, সেগুলো রাউজকের কাছে নেই। আলাদা অস্থায়ী যে সিঁড়িটি (স্কেফোল্ডিং) তৈরির কথা হচ্ছে, তা ৮০ ফুট হতে হবে। এতে আলাদা অনেক যন্ত্রাংশ জোড়া লাগাতে হবে। এসব যন্ত্রপাতি রিয়েল এস্টেট এবং হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কাছে চাওয়া হয়েছে। রিহ্যাব গতকাল পর্যন্ত ১০০টি স্টিল প্রুফিং ম্যাটেরিয়াল (ভাঙা অংশ নিচে নামিয়ে আনার কাজে ব্যবহূত) পাঠিয়েছে।ভবন ভাঙার বিষয়ে আগেই সাতটি সংস্থার সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে রাজউক ছাড়াও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), ঢাকা ওয়াসা, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), তিতাস গ্যাস কোম্পানির প্রতিনিধি ও সেনাসদস্যরা রয়েছেন।কমিটি গতকাল বিকেলে পরিকল্পনা করেছে ভবনের বাইরে অস্থায়ী সিঁড়ি স্থাপনের বিকল্প পথ বের করার। পাশের ১৬ তলা ভবন থেকে মাচা তৈরি করে সাততলা ভবনের ছাদ পর্যন্ত নেওয়ার চিন্তাও করা হয়েছে। বুয়েট সে বিষয়ে সম্মতি জানিয়েছে। এটা করার পর টাওয়ার ক্রেনের মাধ্যমে ছাদ ফুটো করা হবে।