কাঁঠালবাগানে ব্যাটারিচালিত ভ্যান উল্টে সবজি ব্যবসায়ী নিহত
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান উল্টে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১২টার দিকে ওই সবজি ব্যবসায়ী মারা যান। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল আজিজ (৩৩)। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি পরিবার নিয়ে পুরান ঢাকায় থাকতেন। তিনি পুরান ঢাকায় সবজি বিক্রি করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এসআই আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, আজিজ সবজি কেনার জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে গতকাল রাতে কারওয়ান বাজারে গিয়েছিলেন। রাত ১২টার দিকে ভ্যানটি কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় আসে। সেখানে একপর্যায়ে ভ্যানটি উল্টে গিয়ে আজিজের শরীরের ওপরেই পড়ে। গুরুতর আহত অবস্থায় আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এসআই আক্তারুজ্জামান জানান, ভ্যানে থাকা সাইফুল নামের আরেক যাত্রী সামান্য আহত হয়েছেন। আজিজ নিহত হওয়ার ঘটনায় আরেক ভ্যানচালক সুমনকে আটক করা হয়েছে।