কাঁঠালবাগানে হেলে পড়া সাততলা ভবন ভাঙা শুরু
কাঁঠালবাগানের হেলে পড়া সাততলা ভবনটি ভাঙার মূল কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে রাজউক ও ফ্ল্যাটমালিকদের লোকজন ভাঙার কাজ শুরু করেন। হেলে পড়া ভবনের ছাদ থেকে পাশের ১৬ তলা ভবনের পাঁচতলার সঙ্গে বাঁশের তৈরি মাচা বা সংযোগ সেতু তৈরি করা হয়েছে। ওই সংযোগ-সেতু দিয়ে শ্রমিকদের পাঠানো হয় সাততলার ছাদে। গ্র্যান্ডিং মেশিন (ভারী কংক্রিট কাটার যন্ত্র) দিয়ে খুব সাবধানে গতকাল দিনভর ছাদ ভাঙার কাজ চলে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ ঘটনাস্থলে গিয়ে ভবনটি ভাঙার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বলে রাজউকের পক্ষ থেকে জানানো হয়। রাজউকের অথারাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, হেলে পড়া ভবনটি যে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, তা ছাদ ভাঙার সময় সহজেই বোঝা যাচ্ছে। ছাদের ওপরের আস্তর এত হালকা, যা কাটার মেশিন বসানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছিল। ছাদ ভাঙার কাজের পাশাপাশি গতকাল পানির ট্যাংকের দেয়াল ও লিফট মেশিনরুম ভেঙে ফেলা হয়।আমিনুর রহমান জানান, ঈদের আগে যত দূর সম্ভব ভাঙার কাজ করা হবে। এদিকে ওই ভবনের ফ্ল্যাটমালিকদের পক্ষ থেকে রাজউকের কাছে অনুরোধ জানিয়ে কয়েকজন শ্রমিককে ভাঙার কাজে লাগানো হয়। ফ্ল্যাটমালিকদের একজন মনিরউদ্দিন প্রথম আলোকে জানান, তিনি ফ্ল্যাটে ওঠার আগে নিজ খরচে মূল্যবান টাইলস, দরজা ও গোসলখানার সামগ্রী লাগিয়েছিলেন। সেগুলো উদ্ধারের জন্য শ্রমিকদের সাহায্য নিচ্ছেন। মনিরউদ্দিন জানান, এখানে নতুন করে অনুমোদিত ভবন তৈরি করে তাঁদের ফ্ল্যাট দেওয়া না হলে তাঁরা ১৪টি ফ্ল্যাটের মালিক একযোগে ভূমিমালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের লোকজন এখনো তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।প্রসঙ্গত, ৬ নভেম্বর রাতে ‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের সাততলা ভবনটি স্তম্ভ ভেঙে একদিকে হেলে পড়ে। ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেডের চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার ও জমির মালিক আলমগীর হায়দারের বিরুদ্ধে ৭ নভেম্বর কলাবাগান থানায় মামলা করে রাজউক।