কাঁঠালবাগানের সেই বাড়ির ছাদের রড খোলা হচ্ছে
কাঁঠালবাগানে হেলে পড়া ভবনের ছাদের কংক্রিট ভাঙার কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ছাদের রড খুলে নেওয়ার কাজ শুরু করেন শ্রমিকেরা। দুপুরে বুয়েটের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।রাজউকের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, সাততলার ছাদ ভাঙতে আধুনিক যন্ত্রপাতির বদলে পুরোনো পদ্ধতিতে হাতুড়ির ব্যবহার করা হয়েছে। ছয়তলা ভাঙার ক্ষেত্রেও তা করা হবে। এতে ভবনের অবস্থানগত পরিবর্তন না হওয়ার সম্ভাবনা থাকছে। ২১ দিন ধরে ভবনটি একই অবস্থায় আছে। বুয়েটের কমিটি তাঁকে জানিয়েছে, অবস্থানগত পরিবর্তনের ঝুঁকি কমে যাচ্ছে।এক ফ্ল্যাটের মালিক মনিরউদ্দিন বলেন, ক্ষতিপূরণের টাকা সময়মতো না পেলে ভূমির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা। ৬ নভেম্বর রাতে ‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের সাততলা ভবনটি এক দিকে হেলে পড়ে। ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেডের চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার ও জমির মালিক আলমগীর হায়দারের বিরুদ্ধে ৭ নভেম্বর কলাবাগান থানায় মামলা করে রাজউক।