কাঁঠালবাগানের হেলে পড়া ভবন ভাঙার কাজ শুরু
কাঁঠালবাগানের ঢালে হেলে পড়া ছয়তলা ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের উপস্থিতিতে শ্রমিকেরা পরীক্ষামূলকভাবে ভবনটির ওপর পানির ট্যাঙ্কে হাতুড়ি চালান। পরীক্ষার পর বিশেষজ্ঞরা সাংবাদিকদের জানান, নিরাপত্তাপ্রস্তুতি নিয়ে আজ শুক্রবার থেকে পূর্ণ উদ্যমে ভবন ভাঙা শুরু হবে। এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে রাজউক ও রিহ্যাব।গতকাল বিকেল পাঁচটার দিকে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল গিয়ে অনুমতি দেওয়ার পর শ্রমিকেরা ভবনে প্রথম হাতুড়ির আঘাত করেন। অধ্যাপক শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা সব সময় ভবনটি পর্যবেক্ষণে রাখব। ভবনটি কাঁপছে বা হেলে পড়ছে কি না, সেটি নির্ণয়ের জন্য যন্ত্র থাকবে। হেলে পড়া ভবনটি স্থির রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা এখন বলা যাচ্ছে না। আশপাশের ভবনগুলো কতখানি ঝুঁকিপূর্ণ জানতে চাইলে তিনি বলেন, উল্টোদিকের ১৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি ভবন থেকে ভবনটি ভাঙার কাজ করার সময় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান জানান, বুয়েটের বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে আজ হেলে পড়া ভবনটির পাশে জাল (নেট) টাঙানো হবে। এর বাইরেও শ্রমিকদের হেলমেট ও নিরাপত্তা বেল্ট রয়েছে। পাশের ১৬ তলা ভবন ও হেলে পড়া ভবনটির মধ্যে শ্রমিকদের যাতায়াতের জন্য একটি সংযোগ সেতু তৈরি করা হয়েছে। ভবন ভাঙার আবর্জনা নামানোর জন্য একটি ঝুলন্ত লিফট (রোপ-ওয়েস্ট) থাকবে বলে তিনি জানান।রাজউক কর্মকর্তারা জানান, ভবন ভাঙা আবর্জনাগুলো অন্যত্র কীভাবে সরাবেন, তা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। গলিমুখের দুটো বাড়ি রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখেই তৈরি করা হয়েছে। এর ফলে বাড়ি ভাঙার আবর্জনা সরানোর জন্য ওই গলিতে ট্রাক ঢোকানো যাচ্ছে না। এদিকে ফ্ল্যাট-মালিকদের সঙ্গে ভবনের নির্মাতাপ্রতিষ্ঠান ও জমির মালিকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ফ্ল্যাট-মালিক মনিরউদ্দীন। তিনি জানান, হেলে পড়া ভবনটির মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে নির্মাতাপ্রতিষ্ঠান ১৩টি ও জমির মালিক ১৪টি ফ্ল্যাটের মালিক। নির্মাতাপ্রতিষ্ঠান তাদের ভাগের সবগুলো ও জমির মালিক একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাটের মালিক নির্মাতাপ্রতিষ্ঠানকে পুরো টাকা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিয়েছেন। বাকি মালিকদের কাছে নির্মাতাপ্রতিষ্ঠানের পাওনা দুই কোটি ১১ লাখ টাকা। ফ্ল্যাট মালিকেরা জানান, তাঁরা ১২ জন ফ্ল্যাট-মালিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী নির্মাতাপ্রতিষ্ঠান নতুন ভবনটির বেজমেন্ট ঢালাই দেওয়ার পর ফ্ল্যাট মালিকেরা বাকি টাকা শোধ করবেন। মনিরউদ্দীন বলেন, আমরা কোনো মামলা-মোকদ্দমায় যেতে চাই না। আমাদের টাকা ফেরত চাই, নতুবা ফ্ল্যাট চাই।