কাঁপানো শীত, গ্যাসের আকাল, নাকাল করা যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের সঙ্গে রাজধানীও শীতে কাঁপছে। মাঘের এই হাড় কাঁপানো শীতে মহানগরের বড় অংশজুড়ে রান্নাঘরে চুলা জ্বলছে না। ঘরের বাইরেও শান্তি নেই। সেখানে ঘণ্টার ঘণ্টা রাস্তায় অপেক্ষা নগরবাসীকে চরম ধৈর্যের পরীক্ষায় ফেলেছে। সব মিলিয়ে এক অসহায় অবস্থায় দিন কাটছে ঢাকাবাসীর।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ পড়ে, তার প্রভাব ঢাকাতেও। সবচেয়ে দুর্ভোগে পড়েছে রাজধানীর ফুটপাতের বাসিন্দারা।

এই শীতে পানি গরম করার মতো অবস্থা নেই অনেক বাড়িতে। কারণ, রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাসের সমস্যা অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলো গ্যাস দিতে পারছে না। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি বলছে, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনে ময়লা জমার পর তুলনামূলক সরু পাইপলাইনে গ্যাস আনা, শীতকালীন স্বল্প চাপ ও গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় ঢাকায় গ্যাসের সমস্যা বেড়েছে। তবে আজ মঙ্গলবার কিছু এলাকায় পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে।

পুরান ঢাকার তাঁতীবাজারের পেছনে পচা গলি। সেখানে আটটি ভাতের দোকান। সেগুলোতে ডাল, ভাত, তন্দুরি, পরোটা, ভাজি—সব খাবারেরই দাম দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়াতে হয়েছে গ্যাসের সমস্যার কারণে। দোকানগুলোতে কাঠ, কেরোসিনের চুলায় রান্না হচ্ছে। গ্যাসের তীব্র সমস্যা রাধিকা বসাক লেন, রাজার দেউড়ি, ঝুলনবাড়িসহ আশপাশের এলাকায়। রাজার দেউড়ির তরুণ ঘোষ বলেন, সারা দিন গ্যাসের চুলা জ্বলেই না। রাত জেগে রান্না করতে হয়।

কারওয়ান বাজারের পাশে পূর্ব তেজতুরী বাজারে রাত ১২টার পর গ্যাস আসে। কল্যাণপুর মধ্য পাইকপাড়ায় সকাল নয়টার পর চুলায় আঁচ থাকে না। পূর্ব দনিয়া জিয়া সরণি রোডে দিনের বেলায় গ্যাস থাকে না। অনেক সময় টিমটিম করে চুলা জ্বললেও পাঁচ ঘণ্টায়ও চাল সেদ্ধ হয় না। ইন্দিরা রোডে আগের বছরগুলোতে গ্যাসের সমস্যা ছিল না, এবার হচ্ছে। পূর্ব দোলাইরপাড় এলাকায় কয়েক দিন ধরে গ্যাসের সমস্যা প্রকট। মিরপুরে সবচেয়ে বেশি কষ্ট। এলাকাবাসী জানান, প্রায় ১৫ দিন ধরে রাজধানীর মিরপুরে গ্যাস-সংকট চলছে। সাত দিন ধরে তা প্রকট আকার ধারণ করেছে। মিরপুর ১১ নম্বর, সাড়ে ১১ নম্বর সেকশনের কিছু এলাকায় গ্যাস থাকেই না। কালশী রোডের কিছু এলাকায় সকাল আটটা না হতেই গ্যাস চলে যায়। আসে সন্ধ্যার পর। মিরপুর ৬ নম্বর সেকশনে কাঁচাবাজারের কাছের এলাকায় সকাল ছয়টা থেকে টানা ১২ ঘণ্টা গ্যাস থাকে না। ১৪ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পুরোনো ফ্ল্যাট ভবনগুলোতে গ্যাস থাকেই না। পল্লবী, সেনপাড়া-পর্বতা এলাকায় দুই দফায় দীর্ঘ সময়জুড়ে গ্যাস থাকছে না।

শুধু চুলার গ্যাস নয়, সিএনজি স্টেশনেও গ্যাস-সংকট। মগবাজার সিএনজি স্টেশন আনুদ্বীপে গতকাল সারা দিনই গাড়ির লম্বা সারি দেখা যায়। দুজন কর্মী জানান, উড়ালসড়ক নির্মাণের কারণে শুধু নয়, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণেও এই লম্বা সারি। প্রায় একই অবস্থা ছিল জয়কালী মন্দির, পরীবাগ, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনের বাইরে। সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে চাপ অনেক কম।

তবে ঢাকাসহ দেশের যেসব এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, সেখানে আজ মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হয়ে আসতে পারে। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ শতাধিক কিলোমিটার দীর্ঘ ৩০ ইঞ্চি ব্যাসের গ্রিড লাইনটিতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে। আজই সব জায়গায় গ্যাসের সরবরাহ ও চাপ বাড়বে। ঢাকার উত্তরাংশে কোথাও কোথাও কিছুটা সমস্যা থাকতে পারে। তবে আগামীকাল বুধবারের মধ্যে তা-ও স্বাভাবিক হয়ে আসবে।

দেশে চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি আছে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট। এ ছাড়া শীতকালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ঘাটতি আরও কিছুটা বাড়ে।

যানজটে নাকাল নগরবাসী: ঢাকার যানজটের এখন আর কোনো কারণ লাগে না। পূর্বাভাস দেওয়ারও উপায় নেই। সপ্তাহের প্রথম দিন বা শেষ দিন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, খেলা বা রাজনৈতিক কর্মসূচি, দুর্ঘটনা বা ভাঙচুর, রাস্তা কাটা বা জলাবদ্ধতা—যেকোনো কারণে যেকোনো সময় যেকোনো জায়গায় লেগে যেতে পারে যানজট। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মধ্য থেকে দক্ষিণ ভাগ যানজটে প্রায় আটকা। পুলিশ জানিয়েছে, সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে আবার গণভবনে ফিরেছেন। সে কারণে বেশ কিছুক্ষণ রাস্তা আটকা ছিল। গণভবন থেকে সচিবালয়ের দিকে যাওয়ার রাস্তা আটকা ছিল। এ ছাড়া মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তা কাটা হচ্ছে। বাণিজ্য মেলা চলছে। সবকিছুর মিলিত ফলাফল যানজট।

কয়েকজন গাড়িচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকেই রাস্তায় বাড়তি গাড়ির চাপ ছিল। সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বিজয় সরণি যাওয়ার রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয়। কারণ, পুলিশ উল্টো দিকের অর্থাৎ বিজয় সরণি থেকে ফার্মগেট হয়ে শাহবাগের রাস্তায় সিগন্যাল খুলে রেখেছিল। পরে আবার দুই পাশের রাস্তাই আটকে দেওয়া হয় প্রায় ২০ মিনিট। প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পরেও তীব্র যানজট ছিল। একেকটা সিগন্যাল পার হতে ২৫ থেকে ৫০ মিনিট লেগেছে।