রাজধানীর মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা শহীদ মোল্লা (৪২) নিহত হওয়ার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল সোমবার সকালে ৩২ নম্বর ওয়ার্ডের এক যুবদল নেতাকে সন্ত্রাসীরা গুলি করে খুন করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শহীদ মোল্লা তাঁর মতিঝিলের এস এস ট্রেডার্স নামের মুদি দোকান থেকে বের হয়ে মালামাল কিনতে হেঁটে কাপ্তানবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি মতিঝিলের প্যাসিফিক হোটেলের সামনে পৌঁছামাত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে পেটের দুই পাশ ও ঘাড়ে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে শহীদ মোল্লার স্বজনেরা হাসপাতালে ছুটে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। যুবদল নেতার মৃত্যুর খবরে বিএনপির কয়েকজন নেতা হাসপাতালে ছুটে যান।নিহত শহীদ মোল্লার ভাই ইসমাইল হোসেন বলেন, তাঁর ভাইয়ের ১২৭/এ মতিঝিলে একটি মুদি দোকান এবং তাঁর একটি খাবার হোটেল রয়েছে। প্রতিদিনের মতো গতকাল সকাল ছয়টার দিকে তাঁর ভাই দোকানে যান। সেখান থেকে তিনি মালামাল কেনার উদ্দেশে কাপ্তানবাজার যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। শহীদ মোল্লার সঙ্গে কারও বিরোধিতা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকবার তাঁর ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে তিনি জানান।গতকাল ময়নাতদন্ত শেষে শহীদ মোল্লার লাশ মতিঝিলে ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ের সামনে নেওয়া হয়। বিকেল চারটার দিকে মতিঝিল বালুর মাঠে জানাজা শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে নেওয়া হয়। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের জনক ছিলেন। জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, শহীদ মোল্লার খুনের কারণ সম্পর্কে এখনো পুরোপুরি জানা যায়নি। তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন অক্ষত ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।