অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ড কাউন্সিলররা সনদ বিতরণসহ যেসব কাজ করতেন, সেগুলো এখন করবেন বিভক্ত দুই ডিসিসির অধীন ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তারা।তাঁরা নাগরিক ও উত্তরাধিকার সনদ দেবেন। জন্মসনদ আগের মতো আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হবে। রাজধানীর বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলবে।ডিসিসি বিভক্ত করার পর থেকে এসব নাগরিক সুবিধা ব্যাহত হওয়ায় সমালোচনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান এ সিদ্ধান্ত নেওয়ার কথা স্বীকার করে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে, বর্জ্য অপসারণের বিষয়ে কোনো রকমের গাফিলতি সহ্য করা হবে না। কচুরিপানা সরানোসহ মশক নিধন আজ রোববার থেকে পুরোদমে চলবে। এক মাসের মধ্যে সব সোডিয়াম বাতি সচল করা হবে। সনদ বিতরণের কার্যক্রমও চলবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা (কাউন্সিলর) আগে যেসব কাজ করতেন, সেই কাজ এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা করবেন। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে আজ রোববারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের জানিয়ে দেওয়া হবে। নাগরিক সেবাগুলো অব্যাহত রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকারসচিব গতকাল উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের দুই প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আগে ওয়ার্ড কাউন্সিলররা এসব সনদ দিতেন। এখন থেকে তাঁদের পরিবর্তে নাগরিক ও উত্তরাধিকার সনদ দেবেন সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তারা। মশক নিধন কার্যক্রম প্রতিদিন প্রত্যেক ওয়ার্ডে চলবে। কোনো এলাকায় কোনো ময়লা ২৪ ঘণ্টার বেশি থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রমতে, এত দিন অনেক ওয়ার্ড কাউন্সিলর নিজের বাড়ির কোনো কক্ষকে কার্যালয় হিসেবে ব্যবহার করে সে জন্য ভাড়া নিতেন। এ ধরনের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে ওয়ার্ডে ওয়ার্ডে সিটি করপোরেশনের কার্যালয়গুলো আঞ্চলিক কার্যালয়ের অধীনে সচল রাখা হবে। এসব কার্যালয় থেকেই মশক নিধন, পরিচ্ছন্নতা প্রভৃতি কার্যক্রম চলবে।গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে বহুল আলোচিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। ১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওই বিলে সই করার মাধ্যমে সেটি আইনে পরিণত হয়। এর মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয় ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশন। পরদিন আইনের গেজেট ছাপা হয়। বিভক্তির পর থেকে মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিল। প্রতিদিন অসংখ্য মানুষ কাউন্সিলরদের কার্যালয়ে গিয়ে সেবা না পেয়ে ফিরে আসছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রমতে আজকের মধ্যেই নতুন সিদ্ধান্তের বিষয়ে আদেশ জারি হতে পারে।