কাক মাটিতে পুঁতে ফেলছে গণপূর্ত অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা পার্কের মৃত কাক মাটিতে পুঁতে ফেলা শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। গতকাল বুধবার গণপূর্ত অধিদপ্তরের ৫০ জন পরিচ্ছন্নকর্মী রমনা পার্কের বিভিন্ন স্থানে পড়ে থাকা মৃত কাক জড়ো করে পার্কের মাটির নিচেই চাপা দিয়ে এসেছেন। পার্কে সব সময়ের জন্য ১০ জন পরিচ্ছন্নকর্মীকে অধিদপ্তর নিয়োজিত করেছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী, বাসাবো, মিরপুরসহ বিভিন্ন স্থানে কাক মরে পড়ে থাকার সংবাদ পাওয়া গেছে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান মোহাম্মাদ ইয়াসিন প্রথম আলোকে বলেন, গণপূর্ত বিভাগের সিভিল ও আরবারি কালচার বিভাগের কর্মীরা রমনা পার্কের মৃত কাকগুলো মাটিতে পুঁতে ফেলেছেন। কী কারণে কাকের মৃত্যু হচ্ছে তা অনুসন্ধানের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী বলেন, ‘কোথায় কাক মরছে তা রাস্তায় ঘুরে ঘুরে দেখা আমাদের কাজ না। কেউ মৃত কাক নিয়ে এলে আমরা পরীক্ষা করে দেখতে পারি কেন তা মারা যাচ্ছে। এখন পর্যন্ত কেউ মৃত কাক নিয়ে আমাদের কাছে না আসায় বলা যাচ্ছে না কেন এগুলো মারা যাচ্ছে।’