কাজ না করে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ না করেই সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর (প্রকল্প পরিচালক) মো. আনোয়ারুল ইসলাম খানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লাইন ডিরেক্টর বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা সবাই পরস্পরের যোগ-সাজশে দুই প্রকল্প থেকে মোট ১২ লাখ ২৮ হাজার ৬৫৬ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় দুদকের উপসহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান ও মো. আল-আমিন বাদী হয়ে ওই লাইন ডিরেক্টরসহ সাতজনকে আসামি করে দুটি পৃথক মামলা করেন।দুই মামলায় অপর আসামিরা হলেন: স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর দরপত্র কমিটির সদস্য ও সাবেক উপপ্রধান মো. সাজ্জাদুর রহমান, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার মো. আবু হানিফ, প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রধান মো. মতিয়ার রহমান ও শরিফুল ইসলাম, হিসাবরক্ষক রফিকুল ইসলাম এবং দুই প্রকল্পের প্রচারের জন্য নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ অ্যাডের স্বত্বাধিকারী ও মহাব্যবস্থাপক (জিএম) তৌফিকুল ইসলাম।ওই দুই মামলার এজাহারে বলা হয়, জাইকার অর্থায়নে ডায়রিয়া-সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রকল্পের জারি গান তৈরিসহ প্রকল্পের চারটি কাজ না করেই আসামিরা পরস্পর যোগসাজশে ছয় লাখ ৫৬ হাজার ২৬৫ টাকা আত্মসাৎ করেন। আর জাইকার আরেকটি প্রকল্প সোয়াইন ফ্লু-সম্পর্কিত প্রচারণার জন্য জারি গান তৈরিসহ চারটি কাজ না করে পাঁচ লাখ ৭২ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেন তাঁরা।দুটি প্রকল্পেই আলিফ অ্যাডের স্বত্বাধিকারী কোনো কাজে অংশ নেননি। এমনকি তিনি কোনো কোটেশন (প্রস্তাবিত মূল্য) বা বিল-ভাউচারও দাখিল করেননি। কিন্তু প্রতিটি বিলের চেক তৌফিকুল ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা ও নগদে তোলা হয়েছে বলে দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। অন্যদিকে লাইন ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম খান কাগজপত্র জাল করে নিজ (ভুয়া) প্রতিষ্ঠানের নামে কাজ দেখিয়ে তৌফিকুল ইসলামের সই করা চেক নিয়ে ও তাতে টাকার অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে তুলে নিতেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অন্যান্য অভিযুক্ত কর্মকর্তা জাল-জালিয়াতির মাধ্যমে আনোয়ারুল ইসলাম খানকে দাপ্তরিক কাজ করে দিতেন।