কাজী আজহার আলী স্বর্ণপদক পেলেন ডা. এম আর খান
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামকে কাজী আজহার আলী স্মৃতি স্বর্ণপদক ২০১২ দেওয়া হয়েছে।গতকাল শনিবার মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।কাজী আজহার আলী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, কাজী আজহার আলী আজীবন শিক্ষা তথা দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষা ও সেবাধর্মী প্রতিষ্ঠান। সত্যিকার অর্থেই তিনি ছিলেন জনকল্যাণকামী বন্ধু।কাজী আজহার আলী ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী জামিল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, কাজী শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মো. গোলাম আলী ফকির। ধন্যবাদ জ্ঞাপন করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী মোজাহার আলী।অনুষ্ঠানে ড. মোস্তাফিজুর রহমান সম্পাদিত কাজী আজহার আলী রচিত ইতিহাসে অলিগলি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।