কাজী ইমদাদুল হক ছিলেন অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার অবিচল সমর্থক। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করা মুসলমান সমাজের ধর্মান্ধতা, গোঁড়ামি, ফতোয়া ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তিনি লিখেছেন প্রায় একশ বছর আগে।গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কাজী ইমদাদুল হক রচনাবলীর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কাজী ইমদাদুল হক পরিষদ ও শুদ্ধস্বর প্রকাশনী আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি ওই রচনাবলির সম্পাদনা করেছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কাজী ইমদাদুল হক শুধু একজন বড় লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষা-সংস্কারক ও শিক্ষাবিদ। ৯০ বছর আগে তিনি যা করতে চেয়েছিলেন, তাঁর সেই চিন্তাচেতনা থেকে অনুপ্রেরণা লাভ করে আমরা উপকৃত হতে পারি।’সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘কাজী ইমদাদুল হক ছিলেন তাঁর সময়ে সবচেয়ে অগ্রসর ও আধুনিক চিন্তাচেতনার ক্ষেত্রে একজন বাঙালি মুসলমান লেখক।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইকবাল মাহমুদ, অধ্যাপক নুশরাত সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর, কাজী ইমদাদুল হকের প্রপৌত্রী দেনেব জিনাত লতিফ প্রমুখ।