কাজী ফারুককে ঠেকাতে প্রশিকার কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার আবারও বিক্ষোভ করেছেন।প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ যাতে ঢুকতে না পারেন, সে জন্য কর্মীরা প্রধান ফটকে জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেন।প্রত্যক্ষদর্শী ও প্রশিকা সূত্র জানায়, গত শনিবার বিকেলে মিরপুর বিভাগের পুলিশের দুজন কর্মকর্তা প্রশিকা কার্যালয়ে গিয়ে জানান, কাজী ফারুক আহম্মদ রোববার সকালে এ কার্যালয়ে আসবেন। এ খবরে প্রশিকার বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে প্রধান ফটকে অবস্থান নেন। তাঁরা ‘কাজী ফারুককে না’ লেখা ফেস্টুন বহন করেন। বিক্ষুব্ধ কর্মীরা ভেতর থেকে প্রশিকার ফটক বন্ধ করে দেন এবং কাজী ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ইলিয়াছ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল প্রশিকার ফটকের বাইরে অবস্থান নেয়। শেষ পর্যন্ত কাজী ফারুক আহম্মদ না আসায় বিকেল পাঁচটার পর কর্মকর্তা-কর্মচারীরা প্রশিকা কার্যালয় ছেড়ে চলে যান।জানতে চাইলে প্রশিকার উপপরিচালক (উন্নয়ন) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, কাজী ফারুক আহম্মদকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি এ সংস্থাটির এখন আর বৈধ চেয়ারম্যান নন। তাই তিনি প্রশিকায় ঢুকতে পারেন না।ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, কাজী ফারুক প্রশিকা কার্যালয়ে একা প্রবেশ করতে পারবেন। এ ব্যাপারে হাইকোর্টের আদেশ আছে। তাই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন রয়েছে।পেছনের কথা: কাজী ফারুক আহম্মদের দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে এবং তাঁর অপসারণ দাবিতে প্রশিকার কেন্দ্র ও মাঠপর্যায়ের কর্মীরা গত বছরের এপ্রিল-মে থেকে আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৪ মে প্রশাসনিক পরিষদের ১০৫তম সভায় কাজী ফারুককে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। ওই সভায় মাহবুবু-উল-করিমকে প্রশিকার প্রধান নির্বাহী নিযুক্ত করা হয়।