প্রশিকা ভবনে বেআইনিভাবে প্রবেশ এবং কর্মীদের মারধরের অভিযোগে কাজী ফারুক আহম্মদের সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা খন্দকার কামরুল হোসেন এ মামলা করেন।মহানগর হাকিম রোকসানা বেগম অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আগামী ৪ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।মামলার আসামিরা হলেন শেখ সাহিদ হোসেন, মতিউর রহমান, আবু সাঈদ, দুলাল চন্দ্র দে, কাজী সাইফুদ্দিন, কাজী খাজে আলম, হক হাওলাদার, শাহতাব হোসেন ও আফজাল হোসেন ভূঁইয়া। মামলায় আসামিদের পরিচয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়।মামলার আরজিতে বলা হয়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে গত বছরের ২৪ মে কাজী ফারুককে অপসারণ করা হয়। সর্বসম্মতভাবে এম এ ওয়াদুদকে চেয়ারম্যান করে মাহবুব-উল-করিমকে প্রধান নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়। হাইকোর্ট গত বছরের ১৬ আগস্ট উভয় পক্ষকে স্থিতাবস্থা বজার রাখার নির্দেশ দেন। কিন্তু কাজী ফারুকের সমর্থকেরা ১১ জানুয়ারি প্রশিকা ভবনে বেআইনিভাবে প্রবেশ করে কর্মীদের মারধর, কার্যালয়ে ভাঙচুর ও মূল্যবান কাগজপত্র নিয়ে যান।