কাজে ফাঁকি দিয়ে নার্সদের সেবা পরিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা পরিদপ্তরের পরিচালকের দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগসহ কয়েকটি দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নার্সদের একাংশ প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কাজ ফাঁকি দিয়ে আসা সরকারি হাসপাতালের এসব নার্স মতিঝিলের ইস্পাহানি ভবনে ঢুকে সেবা পরিদপ্তরের কর্মকর্তাদের কাজে বাধার সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নার্স নেতা শাহজাহান হাওলাদারের নেতৃত্বে নার্সরা সেবা পরিদপ্তরে যান। তাঁরা সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমের দ্বিতীয় দফা দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের দাবিতে সেবা পরিদপ্তরের সামনে অবস্থান নেন। এতে লোক চলাচলে অসুবিধা হয় এবং দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে নার্স নেতা শাহজাহান হাওলাদার প্রথম আলোকে বলেন, কোনো নার্সই কাজে ফাঁকি দিয়ে কর্মসূচিতে অংশ নেন না। যাঁদের হাসপাতালে কাজ থাকে না, শুধু তাঁরাই এমন কর্মসূচিতে অংশ নেন।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ-আল-বাকী সেবা পরিদপ্তরের পরিচালককে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ১২ মে সাময়িক বরখাস্ত করা নার্সদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়। গতকাল ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান হাওলাদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ইকবাল আর্সলান ও সরফুদ্দিন আহম্মেদের কোনো দালালি বর্তমানে সেবা পরিদপ্তরে কার্যকর না হওয়ায় এই দুই বিতর্কিত নেতা সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগম ও তাঁর (শাহজাহান হাওলাদার) বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন। এ দুই কথিত চিকিৎসক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।