কাটাসুর খালের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর রায়েরবাজার কাটাসুর খালে অভিযান চালিয়ে গতকাল সোমবার পাঁচটি দোতলা ভবনসহ ৫০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনার মধ্যে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নগর স্বাস্থ্যকেন্দ্রও ছিল।ঢাকার খালগুলো দখলমুক্ত করে প্রবহমান রাখার জন্য নদী ও খাল রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স চলতি মাসে ছয়টি খাল উদ্ধারের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল এই অভিযান চালান।র্যাব ও দাঙ্গা পুলিশের সহায়তায় এবং বিপুলসংখ্যক শ্রমিকের অংশগ্রহণে গতকাল সকাল সাড়ে ১০টায় কাটাসুর পুলপাড় থেকে অভিযান শুরু হয়। খালের ওপর তৈরি পাঁচটি দ্বিতল ভবনে অভিযান শুরু হলে সেখানে বসবাসকারীরা উচ্ছেদ বন্ধ করার অনুরোধ জানায়। কিন্তু ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউদ্দিন ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের কথায় কান দেননি।পাকা ভবনগুলো ছাড়াও খালের ওপর বাঁশের তৈরি ১৫টি দোতলা এবং ৩০টির মতো একতলা স্থাপনা ছিল। দোতলা বাঁশের স্থাপনাগুলোর একেকটিতে ৮০ থেকে ১০০টি পরিবার বাস করত। তাদের কাছ থেকে দখলদারেরা নিয়মিত ভাড়াও আদায় করত। উচ্ছেদের আগেই অনেকে তাদের মালামাল সরিয়ে নিয়ে যায়।খালের ওপর নির্মিত একটি অবৈধ স্থাপনার টানানো সাইনবোর্ডে দেখা যায় ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’। অভিযানে ওই কার্যালয়ের দেয়াল ভেঙে দেওয়া হয়। সেখানে কর্মরত শ্রমিকেরা দ্রুত মালামাল নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।কেন্দ্রের চিকিৎসক কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, এটি ব্যক্তি মালিকানার সম্পত্তি। সৈকত হাউজিংয়ের মালিক শহিদুল্লাহ পাটোয়ারী স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য জায়গাটি দান করেন। তবে ভবনের অংশ ওয়াসার জায়গায় বা খালের মধ্যে পড়েছে কি না তা তাঁরা জানেন না।অভিযানের একপর্যায়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান ও তাঁর সহকর্মীরা উপস্থিত হন। সাংবাদিকদের তিনি বলেন, রাজধানীর অনেক খালের অংশ বেদখল হয়ে গেছে। রাজধানীর ড্রেনেজ-ব্যবস্থা উন্নত করতে হলে বেদখল হওয়া খালগুলো উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। ১৩টি খাল চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো উদ্ধার করা হবে।উচ্ছেদের সময় অনেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা এস এম আলম অভিযোগ করেন, ওয়াসার পক্ষ থেকে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। গত শনিবার একদল লোক জায়গা মেপে লাল কাপড় বাঁধা খুঁটি পুঁতে যায়। রোববার বিকেলে মালামাল সরিয়ে নেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল কাটাসুর খালের ১ দশমিক ৮ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালগুলো দখলমুক্ত করতে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।