কাদা-ময়লা পানিতে একাকার যাত্রাবাড়ী-সায়েদাবাদের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরা গর্তে ভরা ময়লা পানি, এক হাঁটু কাদা, স্তূপাকার ইট। রিকশা-অটোরিকশা, বাস, মোটরগাড়ি সবই চলছে। এসব এড়িয়ে চলছে পথচারী। চালক, আরোহী, পথচারী সবার মধ্যে আতঙ্ক। এই বুঝি উল্টে যাবে গাড়ি। ঘটবে দুর্ঘটনা। যানবাহনে ঠাসা রাস্তা হঠাৎ একটু ফাঁকা হলে বেপরোয়াভাবে ছুটে যায় বাস, মিনিবাস। দুই পাশে চলাচলকারী নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুর শরীর ভরে যায় কাদাপানিতে।রাজধানীর এই দৃশ্য দেখা যায় গতকাল রোববার সকালের বৃষ্টির পর। প্রথমে এমন অবস্থা ছিল সায়েদাবাদ এলাকায়। একটু একটু করে একদিকে স্বামীবাগ, অন্যদিকে যাত্রাবাড়ী এলাকা পর্যন্ত, পুরো এলাকা কাদাময় হয়ে পড়ে।গত শনিবার উড়ালসেতু এলাকার দুরবস্থা দেখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দুই দিনের মধ্যে রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিসিসি দক্ষিণ)। জানা যায়, ওই নির্দেশের পর ডিসিসি সায়েদাবাদ এলাকায় তাড়াতাড়ি জড়ো করে প্রচুর ইট, বালু ও মাটি। গতকাল খুব সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার পর সবই একাকার হয়ে যায়। পরে যানবাহনের চাকায়, পায়ে-পায়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে মাটি-বালু। এলাকায় গিয়ে দেখা যায়, ভয়াবহ এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হয় সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার বাসে ওঠার জন্য আসা যাত্রীরা। স্ত্রী আর শিশুকন্যাকে নিয়ে কুমিল্লা যাওয়ার জন্য এসেছেন আবদুল লতিফ। এক হাতে কন্যা, আরেক হাতে ভারী ব্যাগ। কাদা আর পানি মাড়িয়ে চলতে চলতে আবদুল লতিফ বলছিলেন, ‘ওরা আমাদের আর কত কষ্ট দেবে?’এ অবস্থার মধ্যেই সোনাগাজীর যাত্রীসেবা বাসের হেলপার অপর এক যাত্রীর মালামাল ধরে টানতে থাকেন। যাত্রী বেলাল বলেন, ‘ভাড়া কত দিতে হবে, তা আগে জানান।’ হেলপার তাঁর কথায় কান দিতে নারাজ। টানাটানির একপর্যায়ে বেলাল কাদার মধ্যেই পড়ে যান। স্থানীয় পানবিড়ির দোকানি রহমতউল্লাহ বলেন, এখন ঈদের ভিড় নেই। তাই যাত্রী ধরে টানাটানি। তিনি বলেন, রাস্তার এমন দশা অনেক দিন থেকেই। কিন্তু শনিবার রাতে ইট, বালু আর মাটি জড়ো করার পর বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়েছে। ডিসিসির আঞ্চলিক কার্যালয়ের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাস্তার এই পরিণতির জন্য দায়ী বিদ্যুৎ-পানি আর গ্যাস কোম্পানিগুলো। তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। লাইন সরানোর জন্য তারা রাস্তার এমন দশা করেছে।ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী এবং যাত্রাবাড়ী থেকে তিনটি পথে রাস্তা মেরামতে ১৫ কোটি খরচ করা হচ্ছে। ঈদের আগেই মানুষের এই দুর্ভোগ যাতে অনেক কমে যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।