কাদের ও কামারুজ্জামানের প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবি
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা ও একই অপরাধে অভিযুক্ত কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার ১৪১ জন সাংবাদিক এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। তাঁরা বলেন, প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের জাতীয় প্রতিষ্ঠান। এই ক্লাবের অনেক সদস্যই স্বাধীনতাযুদ্ধে ও গণ-আন্দোলনে ভূমিকা রেখেছেন। এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীরা সদস্য থাকতে পারেন না। এতে প্রেসক্লাব বিতর্কিত হচ্ছে। ক্ষুণ্ন হচ্ছে ক্লাবের ভাবমূর্তি।বিবৃতি দিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান, রাহাত খান, গোলাম সারওয়ার, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, এম শাজাহান মিয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, আলতাফ মাহমুদ, কার্তিক চ্যাটার্জি, মনজুরুল আহসান বুলবুল, শাহ আলমগীর প্রমুখ।একই দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইউনিটির তরুণ সদস্যরা। ‘তরুণ সাংবাদিক সমাজে’র ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। সাংবাদিক জসিম উদ্দিন খান প্রথম আলোকে বলেন, তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই দাবিতে আগামী শুক্রবার মহাসমাবেশ করবেন তাঁরা। এ ছাড়া আজ রোববার বেলা ১২টায়ও অবস্থান কর্মসূচি পালিত হবে।