কাফরুলে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থেকে এক অজ্ঞাতনামা কিশোরীর (১২) লাশ গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পাঁচতলার একটি বাড়ির পেছনে সীমানাপ্রাচীর ঘেঁষে ভেতরের দিকে পড়ে ছিল। কিশোরীর ডান চোখের পাশে, কানের মাঝামাঝি, কপাল ও মাথার পেছনে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে খুন করে ফেলে রেখে গেছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আলম প্রথম আলোকে বলেন, কিশোরীর পরনের কাপড়চোপড় দেখে মনে হয়েছে, সে কোনো বাসার গৃহকর্মী ছিল। তবে তাকে কেউ শনাক্ত করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।