রাজধানীর কাফরুলে গত মঙ্গলবার গভীর রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল ইসলাম (২৯) নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন। এর দেড় ঘণ্টা আগে একই এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক অটোরিকশাচালক কোরবান আলী (৩০) আহত হন। পুলিশ সূত্র জানায়, মঙ্গল দিবাগত রাত দুটার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক রবিউল ছিনতাইকারীর হাতে আহত হয়ে মিরপুর-১০ নম্বর থেকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে আসেন। পরে অন্যান্য ট্যাক্সিক্যাব ও অটোরিকশাচালকেরা তাঁকে আল হেলাল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কাফরুল থানার অপারেশন কর্মকর্তা আরশেদুল হক প্রথম আলোকে জানান, নিহত রবিউলের অটোরিকশাটি থানা চত্বরে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল বুধবার সকালে নিহত রবিউলের স্ত্রী আসমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের বলেন, রাত ১২টায় তাঁর স্বামীর সঙ্গে কথা হয়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহত রবিউল সপরিবারে মিরপুর থানার দারুসসালাম সড়কসংলগ্ন ৪০/১ জহুরাবাদে থাকতেন। রাসেল নামে তাঁর আড়াই বছরের এক সন্তান আছে। তাঁর বাবার নাম ইলিয়াসউদ্দিন আহমেদ। গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঘোড়াপাড়া গ্রামে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে শেওড়াপাড়া উড়াল সেতুর কাছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরেক অটোরিকশাচালক কোরবান আলী (৩০) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোরবান সাংবাদিকদের জানান, চার-পাঁচজন ছিনতাইকারীরা তাঁর মোবাইল নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।