মধ্যপ্রাচ্যে অভিবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রচলিত কাফালা পদ্ধতির সংস্কারের দাবি করেছেন এ খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এ জন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাফালা পদ্ধতি নিয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা শেষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। সংবাদ সম্মেলনে রামরুর প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বল্পমেয়াদি শ্রম অভিবাসন পদ্ধতি কাফালা নামে পরিচিত। এর ফলে কোনো একজন মালিকের অধীনে একজন কর্মীকে থাকতে হয়। ওই কর্মীর সব ভালোমন্দ, এমনকি মারা যাওয়ার পর লাশ দেশে আসতেও ওই মালিকের সর্বময় ক্ষমতা প্রাধান্য পায়। তাসনিম সিদ্দিকী বলেন, ‘এই সমস্যা সমাধানে ব্যক্তি বা কফিলের (নিয়োগকর্তা) পরিবর্তে প্রত্যেক কর্মীর চাকরি সেই দেশের শ্রম মন্ত্রণালয় বা কোনো প্রতিষ্ঠানের অধীনে হওয়া দরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, মধ্যপ্রাচ্যে অনেক দিন ধরেই এই নিয়ম চলে আসছে। রাতারাতি তারা হয়তো এই পদ্ধতি পরিবর্তন করবে না। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কাতার ফাউন্ডেশনের পরামর্শক রে জুয়েরদিনি, এসডিসির কর্মকর্তা তাহসিনা আহমেদ এবং রামরুর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার।