কামরাঙ্গীরচরে আড়ত থেকে চাল-ডাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে সাগর হওলাদার নামে একটি চালের আড়তে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাত দুইটার দিকে পশ্চিম রসুলপুর ট্যানারি ব্রিজ-সংলগ্ন কোম্পানীঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন আড়তের মালিক সাগর হাওলাদার।
সাগর প্রথম আলোকে বলেন, চোরেরা তাঁর আড়ত থেকে ৩০০ বস্তা চাল, ২০ বস্তা ডাল, ১০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল, এক কার্টন গুঁড়ো দুধ এবং ক্যাশ বাক্সে থাকা ১৫ হাজার টাকা নিয়ে গেছে। দুই দিন আগে তিনি দোকানে মালামাল তুলেছিলেন।
সাগর বলেন, দোকানের একটি শাটার ভেঙে চোরেরা মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা পাশের বাড়ির ফটকেও তালা লাগিয়ে দেয়, যাতে কেউ বেরিয়ে আসতে না পারে। ভোরে ওই বাড়ির লোকজন বাড়ি থেকে বের হতে গিয়ে দেখে ফটকে তালা লাগানো। পরে তারা দেয়াল টপকে বাইরে বেরিয়ে এসে দোকানের তালা ভাঙা দেখতে পায়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মহসিন প্রথম আলোকে বলেন, কে বা কারা চুরি করেছে, তা কেউ দেখতে পায়নি। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই পুলিশের টহলও তেমন ছিল না। ঘটনায় মামলা হয়েছে।