কামরাঙ্গীরচরে গৃহবধূ খুন স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল শনিবার ভোরে জাবেদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ খুনের ঘটনার পর গৃহবধূর স্বামী আবদুল হক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল্লাহ বলেন, জাবেদা খাতুন তাঁর স্বামী-সন্তান নিয়ে পূর্ব রসুলপুর চার নম্বর গলিতে থাকতেন। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বাসা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, নিহত জাবেদার ছয় সন্তান। চার ছেলে পার্শ্ববর্তী কারখানায় থাকেন। বাসায় থাকে দুই মেয়ে। গত বৃহস্পতিবার রাতে স্বামী আবদুল হকের সঙ্গে জাবেদার ঝগড়া হয়। একপর্যায়ে শনিবার ভোর চারটার দিকে আবদুল হক স্ত্রীর গলায় ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে দুই মেয়ে গিয়ে দেখেন, তাঁদের বাবা আবদুল হক মাকে খুন করে পালিয়ে যাচ্ছে। এরপর দুই মেয়ে তার ভাইদের খবর দেন। ওসি বলেন, আবদুল হক পলাতক। তিনি বেকার ও মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিলেন। ছোটখাটো যেকোনো বিষয় নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। এ ঘটনায় নিহতের ছেলে আল-আমিন বাদী হয়ে বাবা আবদুল হকের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। সূত্র জানায়, নিহত জাবেদার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরদী উপজেলায়। বাবার নাম মালু হোসেন।