কামরাঙ্গীরচরে গ্যাসের তীব্র সংকট, দুর্ভোগে মানুষ
রাজধানীর উপক– ম কামরাঙ্গীরচরে গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। অধিকাংশ বাড়িতে দিনের বেলা চুলায় হাঁড়ি চড়ছে না। রাত ১১টার পরে গ্যাস এলে রাত জেগে রান্না করতে হচ্ছে।গ্যাসসংকটের কথা বলছিলেন পাকা পুল এলাকার গৃহবধূ আফসানা জহির, ‘সকাল সাতটার দিকে গ্যাস চলে যায়। আসে রাত ১১টার পরে। ভোর রাত চারটায় রান্না করি। সকালে কোনোমতে নাশতা করি। দুপুরে ঠান্ডা ভাত খেতে হয়। মেহমান এলে রাতে আসে। দিনের বেলা আসতে মানা করি।’কামরাঙ্গীরচর থানায় ১০ লক্ষাধিক লোকের বাস। এ থানার সুলতানগঞ্জ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডে গ্যাসসংকট তীব্র। গত বৃহস্পতিবার চরে গিয়ে জানা গেল, কেউ কেউ বিকল্প ব্যবস্থায় রান্না করার চেষ্টা করছেন। অনেকেই শুকনো খাবার বা হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। রাত ১১টার পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে অধিকাংশ পরিবার রাত জেগে পরের দিনের জন্য অগ্রিম রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছেন।গ্যাসসংকটে ক্ষোভ প্রকাশ করলেন মুসলিমবাগ এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়া। তাঁর কথা, রান্নার সময় গ্যাস থাকে না। অথচ মাস শেষে বিল ঠিকমতো আদায় করা হচ্ছে। এটা হতে পারে না।জানা গেছে, বর্তমানে চর এলাকায় আট সহস্রাধিক আবাসিক গ্রাহক রয়েছে। কয়েকটি শিল্পকারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে গ্যাস ব্যবহূত হওয়ায় ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তথা রহমতবাগ, কুমিল্লাপাড়া, নিজামবাগ, নূরবাগ, কয়লাঘাট, মুসলিমবাগ, করিমাবাদ, ছাতা মসজিদ এলাকা, নবীনগর, মাদবর বাজার, মমিনবাগ, ইসলামনগর, আচারওয়ালার ঘাট, হুজুরপাড়া, মাদ্রাসা পাড়া, খোলামোড়া ঘাট এলাকা, আলীনগর, বড় গ্রাম ও মুন্সীহাটি এলাকায় তীব্র গ্যাসের সংকট বিরাজ করছে। এ সংকট চলছে প্রায় সাত বছর ধরে। শীতকালে সংকট আরও বাড়ে। শিল্পকারখানাগুলো রাতের বেলা বন্ধ হলে পাইপলাইনে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হয়ে ওঠে।সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (৯ নম্বর ওয়ার্ড) কয়লাঘাট এলাকার বাসিন্দা ফারুক হোসেন জানান, ‘আমাদের এলাকায় গ্যাস এসেছে। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না বললেই চলে। একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’ একই কথা বললেন পূর্ব ইসলামনগর ৩ নম্বর গলির বাসিন্দা নাসিমা বেগম (৩৪)। তিনি জানান, সকাল সাতটা থেকে গ্যাস থাকে না। খড়ি দিয়ে রান্না করি দুই বেলা। এতে পাঁচ কেজি খড়ি লাগে। দাম ৫০ টাকা। জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মজিবুর রহমান হামিদী জানান, গ্যাসসংকটের কারণে ৪০০ ছাত্রের জন্য প্রতিদিন লাকড়ি কিনে রান্নাবান্না করতে হচ্ছে। প্রতি মাসে আমাদের চার থেকে পাঁচ হাজার টাকা গ্যাস বিল পরিশোধ করতে হয়। গ্যাসের সরবরাহ না থাকায় প্রতি মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে।তিনি আরও বলেন, গ্যাসের সমস্যা সমাধানের জন্য মানববন্ধনসহ নানা ধরনের আন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।তিতাসের বক্তব্য: কামরাঙ্গীরচরের গ্যাসসংকটের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বর্তমানে চাহিদার তুলনায় সারা দেশে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি আছে। পাইপলাইন বসানোর সময় তখনকার চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছিল। এর পরে বসতি আরও বেড়েছে। নতুন সংযোগ দেওয়া হয়েছে। এ কারণে সংকট হতে পারে।সংকটের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।