কামরাঙ্গীরচরে চলছে নিষিদ্ধ দুই স্ট্রোক ইঞ্জিনের টেম্পো
সরকার আট বছর আগে রাজধানীতে অনুমোদনবিহীন, পুরোনো, ঝুঁকিপূর্ণ ও মানহীন দুই স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট অটোরিকশা ও টেম্পো চলাচল বন্ধ করে দেয়। মূলত রাজধানীর বায়ুদূষণ বন্ধ করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক তুলে দেওয়ার কথা বলছে। কিন্তু ৩০ থেকে ৩৫ বছরের পুরোনো বেশ কিছু টেম্পো রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় চলাচল করছে। কিন্তু রং ও কাঠামো সামান্য পরিবর্তন করে এসব যানবাহন রাস্তায় নামিয়েছে কিছু লোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে এগুলো চলাচল করছে।গতকাল মঙ্গলবার দুপুরে লালবাগের শ্মশানঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের ওপর তিনটি টেম্পো। কয়েক মিনিটের মধ্যে যাত্রীতে সেগুলো ভরে যায়। গাড়ির সামনে চালকের সঙ্গে দুজন ও পেছনে আটজন যাত্রী নিয়ে এসব গাড়ি চলাচল করে। কথা হয় ঢাকা মেট্রো থ-০২-৯৪১ নম্বর গাড়ির চালক মুজিবুর রহমানের সঙ্গে। তিনি জানান, গত আট বছর আগে রাজধানীর লালবাগ-গুলিস্তান, গুলিস্তান-চকবাজার, চকবাজার-নিউমার্কেট রুটে এসব টেম্পো চলাচল করত। এগুলো এখন সুলতানগঞ্জ ইউনিয়নে চলাচলের অনুমতি নিয়ে লালবাগ বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীরচর হয়ে খোলামোড়া সড়কে চলাচল করছে। মুজিবুর রহমান জানান, তাঁদের সমিতিও আছে। সমিতিতে দৈনিক ১০ থেকে ১৫ টাকা জমা দিতে হয়। টহল পুলিশকে দৈনিক ২০ টাকা দিতে হয়। প্রতিটি গাড়ির মালিক দৈনিক ১৮০ টাকা জমা নেন। অনুমোদনবিহীন গাড়ি চালানোর ব্যাপারে মুজিবুর বলেন, ‘কী করুম, প্যাটের দায়ে সবাইকে ম্যানেজ করে চালাতে হয়।’ কামরাঙ্গীরচর এলাকার দুধ বিক্রেতা আবুল হোসেন বলেন, তিনি দৈনিক হোসনী দালান এলাকায় দুধ নিয়ে আসেন। ঝুঁকিপূর্ণ যানবাহনের ব্যাপারে বলেন, ‘আমরা কী করুম, কামরাঙ্গীরচর থেকে লালবাগ শ্মশানঘাটে কিরশায় আইলে ৩০ টাকার কমে আহন যায় না। আবার রোদ বাড়লে বাড়াও বাড়ে। আর টেম্পোতে সাত টাকায় যাওয়া যায়।’ অনুমোদনবিহীন টেম্পো চলাচলের ব্যাপারে মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ট্রাফিক) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের চোখের সামনে ওই সব যানবাহন পড়লে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেয়। তবে যেসব সড়কে এসব যানবাহন চলাচল করে সেখানে ট্রাফিক ব্যবস্থা নেই।’ পুলিশের চাঁদা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের কেউ চাঁদা নিয়ে থাকলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।