কামরাঙ্গীরচরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গত শুক্রবার রাতে আমির হোসেন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, ছিনতাইয়ে বাধা দেওয়ায় এলাকার কামাল ও জামাল নামের দুই যুবক এ ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকার এক বাসায় থাকতেন আমির। তিনি চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন। শুক্রবার রাত ১২টার দিকে তিনি খাওয়া-দাওয়া করার জন্য বাসা থেকে বের হয়ে একটি হোটেলে যান। ফেরার পথে কামরাঙ্গীরচর নূর মদিনা জামে মসজিদের সামনে জামাল ও কামাল তাঁর গতিরোধ করে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে আমিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই দুজন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমিরের ভগ্নিপতি মো. মাহবুব সাংবাদিকদের বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।তবে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। কামাল ও জামালের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁরা পলাতক। লাশ উদ্ধার: রাজধানীর রমনা থানা এলাকার একটি হোটেল থেকে গতকাল দুপুর ১২টার দিকে পাপ্পু দাস (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানার এসআই দীপক কুমার বলেন, পাপ্পু হাজারীবাগের সুইপার কলোনিতে থাকতেন। তিনি সুইপারের কাজ করতেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর কারণ ও ধরন জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা: রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. ফরিদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। দারুস সালাম থানার এসআই ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদের গ্রামের বাড়ি ভোলায়। বাবা মৃত আবদুল বারেক।ভবন থেকে পড়ে মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকার একটি নয়তলার ভবন থেকে পড়ে কামাল হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। কামালের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের মাধবপুরে। বাবা বাবুল হোসেন।