কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুক্রবার রাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম সিফাত ভূঁইয়া (১৪)। কামরাঙ্গীচরের ছাতা মসজিদ এলাকায় একটি বোর্ড কার্টুনের কারখানায় সে কাজ করতো। সিফাত ওই এলাকায় তার নানা আকবর আলীর বাসায় থাকতো।
নিহত সিফাতের পরিচিত ফজলুল হক নামে একজন জানান, কামরাঙ্গীরচর ছাতা মসজিদ বরিশাইল্লা গলি এলাকায় সিফাত একটি দোকানে চটপটি খাচ্ছিল। এ সময় শুভ নামের এক কিশোরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে, শুভ সহ দুই-তিন জন সিফাতকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক ইমারজেন্সির মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।