কামরাঙ্গীরচরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর সঙ্গে আফিয়া
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় আফিয়া আক্তার নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরের ঝাউচরের বাসা থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আফিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত আফিয়ার স্বামী আবদুল্লাহ আল ফয়সাল দাবি করেন, তিনি স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার লবণ কারখানার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করেন। আজ বেলা তিনটার দিকে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের দরজা ভেঙে আফিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অবশ্য আফিয়ার মা শিউলি বেগম প্রথম আলোকে বলেন, আট মাস আগে আফিয়ার সঙ্গে ফয়সালের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের সম্পর্ক ভালো ছিল না, প্রায়ই ঝগড়া হতো। যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন ফয়সাল।

টাকাপয়সা দিতে না পারায় গত রমজান মাসে আফিয়া তাঁদের বাসায় চলে আসেন। পরে আবার আফিয়াকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। আজ বিকেলে খবর পান মেয়েকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন মেয়ের লাশ।