রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার একটি বাসা থেকে মাজেদুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বোনের অভিযোগ, মাজেদুলকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত দেড়টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার একটি কলোনির এক কক্ষ থেকে পুলিশ মাজেদুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। পরে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।মৃত মাজেদুলের বাবার নাম মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জুলিয়া গ্রামে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় মাজেদুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই সময় তাঁর স্ত্রী পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি বলে ওসি জানান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গত বুধবারই দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর যাত্রাবাড়ীর বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে চেক লুঙ্গি ও সাদা শার্ট ছিল। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।