কামরাঙ্গীরচরে শোকের ছায়া, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মী শহিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় প্রায় ২০০-৩০০ লোকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নিহত ব্যক্তির বাবা আফছার হাওলাদার বাদী হয়ে কামরাঙ্গীচর থানায় মামলাটি দায়ের করেন। এ ব্যাপারে থানায় খোঁজ নিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত খানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া গেলেও সাংবাদিক পরিচয় জানার পর তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে লাইন কেটে দেন। এরপর কয়েক দফা চেষ্টা করেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।পরে থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হাসান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।গতকাল শনিবার নিহত ব্যক্তির বাড়ি পশ্চিম রসুলপুর চান মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, বেশির ভাগ দোকানপাট বন্ধ। পশ্চিম রসুলপুর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা ওড়ানো হয়েছে। দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেছেন।কামরাঙ্গীরচর থানার আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন সরকার বলেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে এ হত্যাকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিহত শহিদুল ইসলামের মৃতদেহ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার টেকেরহাট এলাকায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হেফাজতে ইসলাম-সমর্থিত মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ চলাকালে শহিদুল নিহত এবং আরও চারজন আহত হন। পুলিশের গুলিতে শহিদুল নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।