কামরাঙ্গীরচরের অধিকাংশ সড়কে বাতি নেই
কামরাঙ্গীরচরের অধিকাংশ সড়কেই বৈদ্যুতিক বাতি নেই। সন্ধ্যার পর পথ চলতে টর্চ ব্যবহার করে পথচারীরা৷ আঁধার ঘনিয়ে এলে এলাকার সড়কগুলোতে বসে মাদকসেবীদের আড্ডা৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে৷ এর সঙ্গে মাদকসেবীরা জড়িত৷ নাগরিকদের নিরাপত্তায় অবিলম্বে সব সড়কে বৈদ্যুতিক বাতি বসানো দরকার।
নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন কামরাঙ্গীরচরের তিন কাউন্সিলর ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নূরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন ও ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম৷ সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ওয়ার্ড এলাকার কিছু সড়কে বৈদ্যুতিক বাতি আছে। তবে দীর্ঘদিন ধরেই তা জ্বলে না। নতুন বাতির ব্যবস্থা করতে ডিএসসিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’ প্রায় একই কথা বলেছেন নুরে আলম ও মোহাম্মদ হোসেন৷
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৫৭ নম্বর ওয়ার্ডের আশ্রাফাবাদ, ছাতা মসজিদ, মাতবর বাজার সড়ক; ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর ও পশ্চিম রসুলপুর, বড়গ্রাম প্রধান সড়ক এবং ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচর, ঝাউলাহাটি ও মুনসুরবাগ এলাকার প্রধান সড়কে (ইউনিয়ন পরিষদের সময় ) কিছু বাতি লাগানো হয়েছিল। তবে সেগুলো নষ্ট। গলিগুলোর অবস্থা আরও খারাপ। সন্ধ্যার পর ঘন অন্ধকার। টর্চ জ্বালিয়ে চলাফেরা করছে স্থানীয় বাসিন্দারা। এদিকে আবার সড়কের অবস্থাও ভালো নয়। ভাঙাচোরা। অন্ধকারে চলতে গিয়ে পথচারীদের হোঁচট খেতে হয় প্রায়ই। এ ছাড়া এ তিনটি ওয়ার্ড-সংলগ্ন সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়কেও কোনো বৈদ্যুতিক বাতি নেই।
সন্ধ্যা সাতটার দিকে মাতবর বাজারে একটি গলি দিয়ে টর্চ হাতে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন আবদুল বাতেন। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের ছয় মাস পরও সড়কে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়নি। রাতে একা চললে প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়তে হয়। রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। সড়ক অন্ধকার থাকায় ঠিকমতো টহল দিতে পারছে না পুলিশ। ফলে সন্ধ্যার পর এলাকায় লোকজনের চলাচলও কমে আসে।
পূর্ব রসুলপুর এলাকার সড়কে নিজ উদ্যোগে বাতি লাগিয়েছেন রসুলপুর দোকান মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক৷ তিনি বলেন, ‘বাতি না থাকায় রাতে চলাচলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। তাই বাধ্য হয়ে নিজেই বাতির ব্যবস্থা করেছি। ওয়ার্ড কাউন্সিলরও সহযোগিতা করেছেন।’
ডিএসসিসি সূত্র জানায়, সুলতানগঞ্জ ইউনিয়নের দুই-তৃতীয়াংশ নিয়ে ২০১৩ সালে গঠন করা হয় ডিএসসিসির ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড। পরে গত জানুয়ারিতে গঠন করা হয় ৫৭ নম্বর ওয়ার্ড। এখানে ভোটারের সংখ্যা প্রায় দেড় লাখ। ওয়ার্ড তিনটি নতুন বলে ডিএসসিসির সব সুযোগ-সুবিধা পাচ্ছে না বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম বলেন, চলতি মাসে ৫৭ জন মাদকসেবী ও দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কামরাঙ্গীরচরের সব সড়কে বৈদ্যুতিক বাতি থাকলে অপরাধ কমে আসবে৷ অপরাধীদের ধরতেও সুবিধা হবে৷