কারওয়ান বাজার থেকে চালবোঝাই ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন শ বস্তা চালবোঝাই ট্রাক ঢাকার বাবুবাজারে আসার পথে কারওয়ান বাজার থেকে ছিনতাই হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহযোগীর হাত-পা বেঁধে অন্যত্র রেখে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে চালক ওবায়দুল হক জানান। বাবুবাজারের হোসেন আহমেদ জানান, গত রোববার বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫০ কেজি ওজনের তিন শ বস্তা চাল তাঁর মেসার্স আল-ইসলাম রাইস এজেন্সিতে আসার উদ্দেশে রওনা হয়। সেখানে ১৬০ বস্তা লতা ও ১৪০ বস্তা মিনিকেট চাল ছিল। ট্রাকচালক নাটোর থেকে ১৫ বস্তা রসুন কারওয়ান বাজারে আনার জন্য তোলেন। তিনি জানান, ট্রাকচালক ওবায়দুল হক কারওয়ান বাজারে এসে রসুনগুলো নামান। চালক তাঁর সহযোগী হযরত আলীকে রসুনের ভাড়া আনতে পাঠিয়ে নিজে ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় একটি প্রাইভেটকারে আসা কয়েকজন যুবক চালক ওবায়দুলকে জোরপূর্বক হাত-পা বেঁধে ফেলে। কিছুক্ষণ পর হযরত আলী ফিরে এলে তাঁকেও একইভাবে বাঁধা হয়। পরে তাঁদের বনানী এলাকায় ফেলে রেখে যায়। তাঁরা সেখান থেকে ফিরে ট্রাকটি আর খুঁজে পাননি। এই ঘটনায় ট্রাকমালিক রমনা থানায় একটি মামলা করেছেন।