কারওয়ান বাজার পার্কের অবৈধ দখল উচ্ছেদ
বস্তির মতো কিছু ছাপরাঘর, একটি পাবলিক টয়লেট, মাছের আড়তের জিনিসপত্র—সব মিলিয়ে একে একটি ছোট বস্তি বলেই মনে করবে যেকোনো মানুষ। শুধু ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে কয়েকটি গাছ; বেশির ভাগই মৃত। কয়েকটি গাছ এখনো জীবিত। যেন ওই গাছগুলোই জানান দিচ্ছে এখানে একসময় পার্ক ছিল। রাজধানীর কারওয়ান বাজার পার্কটির অবস্থান কোথায়, তা অনেক স্থানীয় বাসিন্দাও জানে না। কারণ, বর্তমানে সেখানে পার্কের কোনো চিহ্নও নেই।কারওয়ান বাজার কিচেন মার্কেটের পেছনের ওই পার্ক প্রায় এক যুগ ধরে অবৈধ দখলে আছে। স্থানীয় আম্বর শাহ সমিতির নামে দখল করে রাখা পার্কটিতে গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো উচ্ছেদ অভিযান চালায় রাজউক।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার উচ্ছেদ অভিযান চালানো হলেও আবার তা বেদখল হয়ে যায়। সেখানে তখন গড়ে ওঠে বেশ কিছু ছাপরাঘর ও মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি তেজগাঁও থানা কমান্ডের কার্যালয়। এ ছাড়া জায়গাটিতে মাছ বিক্রি ও মাছের আড়তের জিনিসপত্র রাখা হয়। সম্প্রতি সেখানে মার্কেট নির্মাণেরও কার্যক্রম হাতে নেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে রাজউকের ম্যাজিস্ট্রেট খলিল আহমদের নেতৃত্বে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। এ সময় স্থানীয় আম্বর শাহ সমিতির লোকজন এসে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে বাধা উপেক্ষা করেই উচ্ছেদ অভিযান চলে। গুঁড়িয়ে দেওয়া হয় ছোট ছোট ছাপরাঘরগুলো, কিচেন মার্কেটের পেছনে কয়েকটি দোকানের বর্ধিতাংশ এবং উপড়ে ফেলা হয় সম্প্রতি স্থাপিত কিছু লোহার খুঁটি। আম্বর শাহ সমিতির লোকজনের দাবি, ২০০০ সালে পার্কের জায়গাটি তাঁরা ‘লিজ’ নিয়েছেন। তাঁরা নিয়মিত খাজনা দিয়ে আসছেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্ছেদ অভিযানের পর তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত তাঁদের উচ্ছেদ না করার আদেশ দেন।তবে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির কার্যালয়টি ভাঙা হয়নি। সংগঠনটির নেতারা ওই স্থানে অস্থায়ীভাবে কার্যালয় স্থাপনের জন্য রাজউকের একটি অনুমতিপত্র দেখান। কারওয়ান বাজার কিচেন মার্কেট সমিতির সভাপতি ও আম্বর শাহ সমিতির সদস্য বেনজির আহমেদ প্রথম আলোকে বলেন, বেআইনিভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাঁদের পক্ষে হাইকোর্ট রায় দিয়েছেন। তাঁরা নিয়মিত টোল ও ট্যাক্স দিয়ে আসছেন বলেও তিনি দাবি করেন।কর্তব্যরত ম্যাজিস্ট্রেট খলিল আহমদ প্রথম আলোকে বলেন, বাধাদানকারীরা ২০০০ সালে এই জায়গা লিজ নিয়েছেন দাবি করে একটি কাগজ দেখিয়েছেন। কিন্তু নগর উন্নয়ন আইন ১৯৬৬ অনুযায়ী পার্ক কখনো বরাদ্দ দেওয়া যায় না। কেউ দিতে পারে না। এটি জনগণের সম্পদ। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিয়েই তাঁরা উচ্ছেদ অভিযানে এসেছেন। পার্কটি পুনরুদ্ধার করে আবার সেখানে গাছপালা লাগানো হবে। জনগণের সম্পদ পুনরুদ্ধারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।