কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান মনির। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনিরকে ঢামেক হাসপাতালে নিয়ে যান আল আমিন নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসা কমলাপুর স্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে।