কারওয়ান বাজারে ডিএনসিসির উচ্ছেদ
কারওয়ান বাজার এলাকার পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার সকালে অবৈধ দখলদারদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয় এবং পরে সরিয়ে না নেওয়া স্থাপনা উচ্ছেদ করা হয়।
কারওয়ান বাজার এলাকাটি ডিএনসিসির অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, কারওয়ান বাজার মোড় থেকে টিসিবি ভবন পর্যন্ত পার্কিংয়ের প্রায় দুই বিঘা জায়গা দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি অংশ ছিল ভ্যানগাড়ির দখলে, অন্য অংশে সেমি পাকা দোকান ছিল। সবই উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদকারীরা সকাল আটটার দিকে অবৈধ দখলদারদের মালপত্র সরিয়ে নিতে বলেন। দখলদারদের অনেকেই মালপত্র সরিয়ে নেন। অবশিষ্ট জায়গা দখলমুক্ত করতে সাড়ে নয়টা থেকে উচ্ছেদ চালান ডিএনসিসির কর্মকর্তারা।
উচ্ছেদের সময় ডিএনসিসির মেয়র আনিসুল হক, মহাব্যবস্থাপক (পরিবহন) মাহাবুবুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।