কারওয়ান বাজারে বাসচাপায় একজনের মৃত্যু

ঢাকার কারওয়ান বাজারে বুধবার বিকাল ৪টার দিকে বাসচাপায় এক স্কুটিচালকের মৃত্যু হয়েছেছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কারওয়ান বাজারে বাসচাপায় একজন স্কুটিচালক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, নিহতের কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে সায়েদুর রহমান। বয়স ৪৩ বছর। ঠিকানা দেওয়া আছে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া।

ঘটনার বিবরণে তিনি বলেন, ওই ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকার ‘সুপার স্টার’ রেস্তোরাঁর সামনে এলে পেছন থেকে গুলিস্তান–আব্দুল্লাহপুর পথের ৩ নম্বরের একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান।