কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান, আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদককে না বলুন

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এবং শুঁটকিপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত র‌্যাব-২ এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা কেউ খুচরা মাদক কারবারি, আবার কেউ মাদকসেবী বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

র‌্যাব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজার এলাকা খুবই জনবহুল। এখানে বড় বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকায় অনেক লোকের সমাগম হয়। খুচরা মাদক কারবারি ও মাদকসেবীরা এই এলাকায় চলাচলকারীদের ঘিরে ধরেন। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁদের ধরতেই এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খন্দকার সাইফুল আলম আরও জানান, শুধু এই এলাকাই নয়, ঢাকার বিভিন্ন অলিগলিতে খুচরা মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নজরদারি করা হচ্ছে। খুচরা মাদক কারবারিদের যাঁরা আশ্রয়-প্রশ্রয় দেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

র‌্যাব কর্মকর্তারা জানান, কাঠপট্টি থেকে শুরু করে তেজগাঁও রেলস্টেশনসংলগ্ন রেলগেট পর্যন্ত রেললাইন এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। তাঁদের কাছ থেকে গাঁজা এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, তা হিসাব করে জানানো হবে।