কারওয়ান বাজারের দোকান স্থানান্তরে ব্যবসায়ীদের লিখিত ঘোষণা
কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। অবশেষে কারওয়ান বাজারের দোকানগুলো পর্যায়ক্রমে নবনির্মিত তিনটি পাইকারি বাজারে স্থানান্তরের বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছেন মার্কেট সমিতির নেতারা।
গতকাল মঙ্গলবার ডিএনসিসি মেয়র আনিসুল হকের সভাপতিত্বে কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতারা এ লিখিত ঘোষণা দেন।
কারওয়ান বাজারে প্রায় ২৪ বিঘা জমির ওপরে ডিএনসিসির মালিকানাধীন ৩টি মার্কেট রয়েছে। মার্কেটগুলো কারওয়ান বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য আমিন বাজার, যাত্রাবাড়ী এবং মহাখালীতে তিনটি বৃহৎ পাইকারি বাজার ইতিমধ্যে বানানো হয়েছে। কারওয়ান বাজারের দোকানগুলো ওই তিনটি পাইকারি বাজারে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে মার্কেট সমিতির নেতাদের সঙ্গে ডিএনসিসির আলাপ-আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মার্কেট সমিতির নেতাদের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় অবৈধ দখলে থাকা পাঁচ বিঘা জমি ডিএনসিসি উদ্ধার করেছে।
কারওয়ান বাজারের দোকানগুলো স্থানান্তরিত হলে আগামী ছয় মাসের মধ্যে এখানকার মোট ১৮ বিঘা জমি খালি হবে। গতকালের সভায় ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শামীমা রহমান, ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মার্কেট সমিতির নেতারা উপস্থিত ছিলেন।