ভার্চ্যুয়াল আলোচনা
কারখানা সচল রাখতে নারী কর্মীর সুস্থতা দরকার
এসএনভি বাংলাদেশের আয়োজনে ‘পোশাকশিল্পে প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামের আলোচনা সভায় বক্তাদের অভিমত।
দেশের পোশাকশিল্প কারখানার বেশির ভাগ কর্মীই নারী। তাই কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নারী কর্মীদের প্রজনন স্বাস্থ্যসহ শারীরিক সুস্থতা নিশ্চিত করা জরুরি।
এমন মন্তব্য করেছেন সরকারি-বেসরকারি সংস্থাসহ পোশাকশিল্পের মালিকেরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি এবং প্রথম আলো আয়োজিত ‘পোশাক শিল্পে প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামের ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, নারী কর্মীদের স্বাস্থ্য পরিচর্যায় কারখানার ভেতরে-বাইরে সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে করোনাকালে মালিক-কর্মী দুই পক্ষকেই সচেতন হতে হবে। ছয় পর্বের এই সভার প্রথম পর্ব গতকাল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু) মোহাম্মদ শরীফ, পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক নজরুল ইসলাম, এসএনভির আরএমজি ইনক্লুসিভ বিজনেস প্রোগ্রামের টিম লিডার ফারথিবা রাহাত খান এবং আল হেরা হাসপাতালের চিকিৎসক মো. আবুল হোসেন।
সভাটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, পোশাকশিল্প কারখানার নারী কর্মীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দিয়ে সরকার ৩৫৪টি কারখানায় বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পিল ও কনডম দিচ্ছে। পাশাপাশি জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি ব্যবস্থা ইনজেকশন সেবাও দিচ্ছে। করোনাকালে মালিকপক্ষকেও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধ সরবরাহসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
বিজিএমইএর পরিচালক নজরুল ইসলাম বলেন, করোনাকালে কারখানাগুলোতে কর্মীদের স্বাস্থ্যকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, কর্মী সুস্থ না থাকলে ক্রয়াদেশ নেওয়া নিরর্থক, যথাসময়ে পণ সরবরাহ করা যাবে না। সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বিজিএমইএ একত্রে কাজ করতে চায়, যাতে এ খাত টেকসই ও দৃষ্টান্তমূলক হয়।
এসএনভির টিম লিডার ফারথিবা রাহাত খান জানান, বিভিন্ন পোশাক কারখানায় প্রশিক্ষণ দিয়ে মালিক, ক্রেতা ও কর্মীদের সচেতন করে তোলার কাজ করছেন তাঁরা।
কর্মঘণ্টার মধ্যে কর্মীরা যেন চিকিৎসা সেবা পান, সে লক্ষ্যে সরকারকেও এগিয়ে আসতে হবে।
আল হেরা হাসপাতালের চিকিৎসক মো. আবুল হোসেন বলেন, পোশাককর্মীদের স্বাস্থ্যসেবা দিতে সরকারি-বেসরকারি সংস্থা, কারখানা কর্তৃপক্ষ ও বিমা প্রতিষ্ঠানগুলোর কাজের পরিধি আরও বাড়ানো দরকার।