অবৈধভাবে নিম্নমানের পানীয় উৎপাদন করার দায়ে রাজধানীর খিলক্ষেতের একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানার দুই কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার খিলক্ষেতের নামাপাড়ার বাগানবাড়িতে মোড়ল ফুডস অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালানো হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সেলিম হোসেন। নির্বাহী হাকিম সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, কাপড়ে ব্যবহারের রং, নিম্নমানের ফ্লেবার, মাত্রাহীন ক্যাফেইন, নিকোমাইড ও সোডিয়াম বেনজোয়েড দিয়ে ওই কারখানায় উৎপাদন করা হচ্ছিল ‘ম্যাংগো, লিচি ও এনার্জি ড্রিংকস’। অথচ কারখানার ভেতরে আম ও লিচুর কোনো সন্ধান মেলেনি। কারখানার ভেতরে থরে থরে সাজানো ছিল সদ্য বোতলজাত বিভিন্ন ধরনের পানীয়। বোতলের গায়ে আকর্ষণীয় মোড়কে বিএসটিআইয়ের নকল সিল পাওয়া গেছে। মাননিয়ন্ত্রণ ছাড়াই নিম্নমানের পানীয় উৎপাদন, অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহারসহ বিভিন্ন অপরাধের দায়ে কারখানাটি সিলগালা করা হয়। এ ছাড়া কারখানার ব্যবস্থাপক মোশারফ হোসেন ও তথাকথিত ‘কেমিস্ট’ এস এম রাজ্জাকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানায় রাখা ২৪ হাজার বোতল পানীয় ধ্বংস করা হয়। নির্বাহী হাকিম আরও বলেন, কারখানাটির নাম মোড়কে লেখা থাকলেও ভেতরে গিয়ে দেখা গেছে, অন্যান্য কোম্পানির খালি বোতল রয়েছে। নতুন করে বাজারে ছাড়ার জন্য এগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।