কারখানার মালিকদের তিন দফা, দমকলের দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক দ্রব্য ব্যবহারকারী প্লাস্টিক কারখানার মালিক ও ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতারা তিন দফা প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবের পাল্টা দুই দফার একটি প্রস্তাব দিয়েছে দমকল। ব্যবসায়ী নেতারা গতকাল সোমবার দমকল অধিদপ্তরে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা রাসায়নিক দ্রব্য ব্যবহারকারী শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার না করা, ভয়ভীতি না দেখিয়ে তাঁদের শিল্পপ্রতিষ্ঠান স্থানান্তরের সুযোগ দেওয়া এবং ব্যবসায়ীদের হয়রানি না করার তিন দফা প্রস্তাব দেন । এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দমকল মহাপরিচালকও সব ব্যবসায়ীর আইনানুযায়ী ব্যবসা পরিচালনা করা এবং আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম ও প্লাস্টিক শিল্পকারখানা স্থানান্তরের একটি প্রস্তাব উত্থাপন করেন। দুপুর ১২টায় বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বি এম শামসুল আলম, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও বাংলাদেশ পিভিসি পাইপ প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহিদউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন। এ সময় দমকলের আইনসহ নানা বিপদ ও আবাসিক এলাকায় বসবাসকারীদের সমস্যার বিষয় তুলে ধরে মহাপরিচালক আবু নাঈম ব্যবসায়ীদের বলেন, এখনই তাঁদের কলকারখানা স্থানান্তর শুরু করা উচিত। এ সময় বিশ্ব ইজতেমার মাঠ বা কেরানীগঞ্জে অস্থায়ীভাবে গুদাম ও কারখানা সরানোর কথা উঠেছে। দমকলের মহাপরিচালক ব্যবসায়ীদের দমকল আইনের কপি সংরক্ষণ করতেও অনুরোধ করেন। আইন জানা থাকলে বেআইনিভাবে কেউ ব্যবসায়ীদের হয়রানি করতে পারবে না বলেও তিনি আশ্বাস দেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, ‘তাঁদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার করে আতঙ্ক বা ভয় সৃষ্টি করা যাবে, কিন্তু এতে ইতিবাচক ফল পাওয়া যায় না।’ ব্যবসায়ী নেতারা বলেন, গ্রেপ্তার না করে ব্যবসায়ীদের ডেকে কোথায় শিল্পকারখানা স্থানান্তর করতে হবে তা নির্ধারণ করে দেওয়া হোক। বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা মানবিক বিপর্যয় ও শিল্পস্বার্থ একসঙ্গে দেখতে চাই। গ্রেপ্তার করে বা ভয় না দেখিয়ে একটি দীর্ঘস্থায়ী সমাধান প্রয়োজন।’ অগ্নিসেনার প্রশিক্ষণ শেষ: দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে গতকাল সোমবার প্রশিক্ষণ শেষ করেছে ১৭৯ জন অগ্নিসেনা। মিরপুরের ফায়ার সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিসেনাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহিদউল্লাহ। আরও উপস্থিত ছিলেন ফায়ারের পরিচালক (পরিচালন ও রক্ষণ) মেজর শেখ মো. শাহজালাল, প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ বি এম নুরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।