কারণ দর্শানোর জবাব দিলেন দুই আইন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় আমিন হুদার জামিনের ব্যাপারে কারণ দর্শানোর জবাব দিয়েছেন রাষ্ট্রের দুই আইন কর্মকর্তা সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান ও জান্নাতুল ফেরদৌসী। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। তাঁর জামিনের বিষয়টি অবহিত না করায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে ২৪ ফেব্রুয়ারি তিন আইন কর্মকর্তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো জবাবে জান্নাতুল ফেরদৌসী বলেন, ব্যক্তিগতভাবে জামিন আদেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আপনার সঙ্গে পরামর্শ করে আবেদন (সিএমপি) ফাইল করার অনুরোধ জানালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিজ এখতিয়ারে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। শহীদুল ইসলাম বলেন, অফিসের নির্দেশনা অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যেকোনো মোকদ্দমার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সিএমপিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে নোট দিয়ে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করবেন। কিন্তু সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জবাবে দুই আইন কর্মকর্তা বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কর্তৃক ব্যবস্থা না নেওয়ায় তাঁদের কোনো ক্রটি বা শৈথিল্য ছিল না। এর আগে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তাঁরা পালন করেছেন এবং ভবিষ্যতে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। আরেক আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনালের মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়া হবে।