কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও শিল্পাঞ্চলে জোড়া খুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গত শনিবার এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে ছাত্রলীগের নেতা মিজানুর রহমান ও শাড়ির কারিগর আলী আকবরের লাশ ভূমি জরিপ অধিদপ্তরের পেছন থেকে উদ্ধার করে পুলিশ।তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, নিহত আলী আকবরের ছেলে মোস্তফা হোসেন ওরফে আরমান হোসেন শনিবার মধ্যরাতে এই জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) এ ঘটনা তদন্ত করছে।মামলার তদারক কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, জোড়া খুনের কারণ সম্পর্কে এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। নিহত ব্যক্তিদের দুই পরিবারের কারোর কাছ থেকে কোনো সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। ঘটনার পর দুই পরিবারের কেউই মামলা করতে রাজি হচ্ছিলেন না বলে তিনি জানান।উপকমিশনার বলেন, নিহত আলী আকবরের মুঠোফোনটি এক নারীর হাতে আছে। লাশ উদ্ধারের পর আকবরের ছেলে আরমানের সঙ্গে ওই নারীর কথা হয়। পুলিশও তার সঙ্গে কথা বলে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। তাকে গ্রেপ্তার করা হলে খুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি মনে করেন।ডিবির উপকমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, হত্যা-রহস্য উদ্ঘাটনে ডিবি পুলিশ কাজ করে যাচ্ছে।গতকাল মিজানের ভাতিজা জাকির হোসেন দাবি করেন, মিজানের বন্ধু তপু তাঁর সঙ্গে চলাফেরা করতেন। চাচা নিখোঁজ হওয়ার পর তপুও রহস্যজনক আচরণ করতে শুরু করেন। ঘটনার পর তপু আড়ালে থাকছেন বলে তিনি জানান।আরেক ভাতিজা ইয়াসিন জানান, মিজান ওয়াসার ঠিকাদারি করতেন। কয়েক মাস আগে দরপত্র কেনা নিয়ে লিটন নামের এক যুবকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। হত্যাকাণ্ডে এটিও কারণ হতে পারে বলে তিনি মনে করেন।অপর নিহত আলী আকবরের ছেলে মোস্তফা হোসেন হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু জানেন না বলে জানান।গতকাল মিজানের লাশ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুরে ও আলী আকবরের লাশ ঢাকার পল্লবী থানার কালশিতে দাফন করা হয়েছে।শুক্রবার গভীর রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেছনের পিকআপ স্ট্যান্ডের দুটি পিকআপের মাঝখান থেকে মিজানুর রহমান (৩২) ও আলী আকবরের (৪০) লাশ উদ্ধার করা হয়। দুজনেরই গলায় আঘাতের চিহ্ন ছিল। গত বুধবার দুজনই নিখোঁজ হন। মিজান তেজগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আর আলী আকবর পল্লবীতে বেনারসি পল্লিতে শাড়ির কারচুপির কাজ করতেন।