কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামকে (ওসি রফিক) প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার কারণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম কারা কর্তৃপক্ষকে ২৪ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেন।উল্লেখ্য, ওসি রফিক এ হত্যা মামলায় কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ভোগ করছেন। আদালতের আদেশের তথ্য গোপন করে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে ১২ জানুয়ারি বুধবার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি হয়। এ সময় ওসি রফিক আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আবেদনের দিন প্রথম আলোকে বলেন, কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে আসামি রফিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের আদেশ পরিবর্তন করে রফিক প্রথম শ্রেণীর মর্যাদা ভোগ করছেন। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর কলেজে যাওয়ার পথে মোমিনকে রাজধানীর ইব্রাহিমপুরের বাসার সামনে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। মোমিনের বাবা আবদুর রাজ্জাক এ ঘটনায় কাফরুল থানায় ওই থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রফিকুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।সূত্র জানায়, ৬ জানুয়ারি রফিক আদালতের বারান্দায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলেন। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল না। তখন রফিকের প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার বিষয়টি জানাজানি হয়। ওসি রফিক মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত সোমবার হাইকোর্ট ওই রিট আবেদন খারিজ করে দেন।