জামিনে মুক্তি পাওয়ার পর গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ওরফে নূর হাজিকে গতকাল বৃহস্পতিবার আবারও কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারা ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, আগারগাঁওয়ে সংঘটিত সামাদ হত্যা মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গত ১৪ জানুয়ারি পশ্চিম আগারগাঁওয়ের বায়তুন নূর জামে মসজিদের সামনে মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে মাথায় ও পিঠে গুলি করে হত্যা করা হয়। এর আগে ৮ জানুয়ারি আগারগাঁও বিএনপি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ওই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। ফজলুল হক হত্যা মামলার তদারকি কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, হামলার পেছনে ফজলুর হাত রয়েছে সন্দেহে নূর হাজি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে নূর হাজির সঙ্গে তাঁর সহযোগীরা যোগাযোগ করে ফজলুকে হত্যার পরিকল্পনা নেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নূর হাজির নাতি জসিমউদ্দিন আদালতে এ নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর ২৭ জানুয়ারি চিকিৎসা শেষে বক্ষব্যাধি হাসপাতাল থেকে নূর হাজিকে গ্রেপ্তার করা হয়।