কারাগারে থাকা বন্ধুর পরীক্ষা দিতে এসে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশতিয়াক আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে গত ২১ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে।বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, কারাগারে থাকা ইশতিয়াকের হয়ে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন তাঁরই বন্ধু সৈয়দ ওহিদুজ্জামান। তিনি অবশ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের ছাত্র। ইশতিয়াক সেজে তিনি তিনটি পরীক্ষাও দেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ছিল চতুর্থ ও শেষ পরীক্ষা। যথারীতি পরীক্ষা দিতে যান ওহিদুজ্জামান। কিন্তু কপাল খারাপ! গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আক্তারুজ্জামান তথ্যপ্রমাণ নিয়ে হাজির হন পরীক্ষার হলে। স্থগিত করা হয় ওই ছাত্রের পরীক্ষা। পরে ওহিদুজ্জামান ও তাঁকে সহযোগিতা করার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ছাত্র মেহেদী হাসানকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগকে না জানালে গতকালও ওই ছাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পেত।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস এম আনোয়ারা বেগম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বিভাগের প্রতিটি ব্যাচে প্রায় ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। তাই সব শিক্ষার্থীকে চিনতে শিক্ষকদের কিছু সমস্যা আছে। ইশতিয়াকের প্রবেশপত্রে ওই ছাত্র তাঁর নিজের ছবি বসিয়ে পরীক্ষা দিয়েছেন।’