কারাগারের জায়গায় জাদুঘর, সবুজ উদ্যান
>

২২৮ বছরের ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয় কেরানীগঞ্জে। এরপর কারাগারের জায়গা নিয়ে নানামুখী তৎপরতা শুরু হয়
নাজিমউদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা কাউকে দেওয়া হচ্ছে না। সরকারি সিদ্ধান্ত হলো কারাগারের ঐতিহাসিক কিছু স্থাপনা অক্ষুণ্ন রেখে জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটি ইতিমধ্যে তাদের বিস্তারিত পরিকল্পনাও পেশ করেছে।
গত ২৯ জুলাই পুরান ঢাকার নাজিরাবাজার থেকে ২২৮ বছরের ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয় কেরানীগঞ্জের নতুন ভবনে। এরপর কারাগারের জায়গা নিয়ে নানামুখী তৎপরতা শুরু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই জায়গায় তাঁদের আবাসিক হল নির্মাণের দাবিতে গত পয়লা আগস্ট থেকে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন।
অন্য একটি পক্ষ অত্যন্ত গোপনে এ জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের প্রস্তাব নিয়ে সরকারের উচ্চপর্যায়ে তদবির শুরু করে। এসবের প্রতিবাদে পুরান ঢাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা সোচ্চার হয়েছেন জায়গাটিতে জাদুঘর ও সবুজ উদ্যান করার দাবি নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেল, জায়গাটির ভবিষ্যৎ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও বিশেষজ্ঞদের একটি কমিটি করেছে। ‘কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর বর্তমান কারাগারের ভূমি ব্যবহারসংক্রান্ত উপদেষ্টা কমিটি’ নামের এই কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সদস্যসচিব। সদস্য রয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বুয়েটের অধ্যাপক সায়ের গফুর, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ ও বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের একজন প্রতিনিধি। জায়গাটিতে কী হবে তার একটি বিশদ পরিকল্পনা পেশ করতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা পরিকল্পনা তৈরি করেছেন। শিগগিরই সেটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।
এ বিষয়ে যোগাযোগ করলে কমিটির সভাপতি জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্য বিবেচনায় রেখে জায়গাটিকে কেমন করে আকর্ষণীয় করে তোলা যায়, সে বিষয়টিই গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাস্তবায়নের জন্য প্রকল্প করা হবে।’
পুরোনো কারাগারের জায়গা রয়েছে প্রায় ৩৮ একর। বাংলাপিডিয়ার তথ্যানুসারে সুবাদার ইব্রাহিম খাঁ চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেন। একসময় দুর্গটি নায়েব নাজিমের বাসস্থান ছিল। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ১৭৮৮ সালে এখানে জেলখানা স্থাপন করা হয়।
ওই উপদেষ্টা কমিটি সূত্রে জানা গেছে, নগর পরিকল্পনাবিদ ও স্থপতিরা কারাগারের জায়গায় নতুন কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পক্ষপাতী নন। ঔপনিবেশিক আমলের যে প্রাচীন ভবনগুলো রয়েছে, তা ধ্বংস করতে চান না। পদ্মা, মেঘনা, সুরমা নামের তিনটি ভবন, জেল হাসপাতাল, পুরোনো প্রধান ফটক ও ফাঁসির মঞ্চ সংরক্ষিত রেখেই জায়গাটি নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। কমিটির নগরবিদেরা সুপারিশ করেছেন যেহেতু কারা কর্তৃপক্ষকে আলাদা জায়গা দেওয়া হয়েছে, সেহেতু তাঁরা এখানে মোট জায়গার এক-তৃতীয়াংশ এখানে পেতে পরেন। এই পুরোনো ঐতিহ্যবাহী ভবনগুলো তাঁদের প্রশিক্ষণ ইনস্টিটিউট বা দাপ্তরিক কোনো কাজে ব্যবহার করলেও তা যেন সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
পরিকল্পনায় বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সেলে কারাবন্দী ছিলেন এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে যে কক্ষে হত্যা করা হয়েছিল, সেটি জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে।
বাদবাকি জায়গায় পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সমন্বিত করে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। এতে একটি বড় অংশ নিয়ে থাকবে সবুজ উদ্যান, খেলার মাঠ ও খেলার জায়গা। কারাগারের ভেতরে বেশ কয়েকটি পুকুর আছে। এগুলো সংস্কার করে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চের আদলে মুক্ত মঞ্চ করা হবে।
ব্যায়ামাগার ও কুস্তির আখড়া একটা সময় ছিল পুরান ঢাকার বিশেষ ঐতিহ্য। সেই আলোকেই এখানে একটি অত্যাধুনিক সুবিধাসংবলিত জিমনেসিয়াম করার প্রস্তাব করা হয়েছে। আর থাকবে এক থেকে দেড় হাজার আসনের একটি বহুমুখী ব্যবহারের উপযোগী আধুনিক মিলনায়তন। এই দুটিই নতুন স্থাপনা ভূ-উপরিভাগে নির্মাণ করা হবে। এই মিলনায়তনের ভূগর্ভতলায় দুই থেকে চার শ গাড়ি রাখার পার্কিং নির্মাণ করা হবে। আর মিলনায়তনকে কেন্দ্র করে ১৫-২০টি ছোট দোকান করা হবে, যেখানে থাকবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হালকা খাবার, চারু ও কারুশিল্প পণ্য ইত্যাদি। এ ছাড়া বিশেষ বিবেচনা হিসেবে ভূগর্ভস্থ একটি আধুনিক কাঁচাবাজার করারও প্রস্তাব রাখা হয়েছে।
কারাগারের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের প্রচেষ্টা ও হল নির্মাণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি’ নামে একটি কমিটি গঠিত হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান এই কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ঢাকা ওল্ড ক্লাবের সভাপতি দীন মোহাম্মদ। ডিএসসিসির ১২ জন ওয়ার্ড কাউন্সিলর ও পুরান ঢাকার ৪০টি ব্যবসায়ী সংগঠনের নেতা, শিক্ষক, ক্রীড়াবিদ ও সমাজকর্মী রয়েছেন এই কমিটিতে।
কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান সম্প্রতিপ্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকায় ছেলেপুলেদের খেলার মাঠ নেই, বয়স্ক লোকদের একটু সকাল-সন্ধ্যা হাঁটাহাঁটি করার জায়গা নেই। তাঁরা চান একটি জাদুঘর ও পার্ক নির্মাণ করা হোক। এ জন্য তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ করছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও চায় জায়গাটি সংরক্ষণ করা হোক। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কারাগারের জায়গায় মাঠ ও উদ্যান জাদুঘর নির্মাণ করা এখন পুরান ঢাকার মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।