কারাবন্দী মায়েদের সঙ্গে থাকা শিশুদের বিষয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট
দেশের কারাগারের হাজতি ও কয়েদি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কী সুবিধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিন সপ্তাহের মধ্যে তথ্য জানাতে বলেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।একই সঙ্গে কারাগারে মায়ের সঙ্গে থাকা ওইসব শিশুর মৌলিক অধিকার লঙ্ঘন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে শিশু অধিকার সনদ-১৯৮৯ বাস্তবায়ন না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, আইজি প্রিজন, সমাজকল্যাণসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের ক্ষেত্রে সংবিধান, শিশু অধিকার সনদ এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণা অনুসরণের নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান রোববার রিট আবেদন করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।