কারিগরি শিক্ষাকে শিক্ষানীতিতে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার এ শিক্ষার সম্প্রসারণ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা-ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: সামাজিক দৃষ্টিভঙ্গি ও জনসচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা শুধু জাতীয় কোনো শিক্ষা নয়, এটি আন্তর্জাতিক শিক্ষা। সাধারণ শিক্ষায় বিএ বা এমএ পাস করে বিদেশে গেলে নিম্নস্তরের কাজ করতে হয়। কিন্তু কারিগরি শিক্ষায় ডিপ্লোমা পাস করে বিদেশে গেলে যথাযথ মর্যাদা পাওয়া যায় ও অর্থ আয় করা সম্ভব হয়। তিনি আরও বলেন, এই শিক্ষার বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। মন্ত্রী ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বক্তব্য দেন সাংসদ আসাদুজ্জামান নূর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, আলী আসগর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।